স্বাস্থ্য সতর্কীকরণ ব্যতীত সিগারেট প্যাকেট বাজেয়াপ্ত ও ধ্বংশ করা হোক
তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে স্বাস্থ্য সতর্কবাণী ছাড়া বাজারে দেশি ও বিদেশী সিগারেট বিক্রয় করা হচ্ছে। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী তরুণদের আকৃষ্ট করতে লাইট, মাইল্ড বিভ্রান্ত শব্দসহ চটকদার মোড়কের বিদেশী সিগারেট ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করছে। আইন লঙ্ঘন করে বাজারজাতকৃত এ সকল সিগারেট বাজেয়াপ্ত ও ধ্বংশ করতে জেলা প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আজ ২০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত এক অবস্থান কর্মসূচীতে এ দাবি জানানো হয়।
বক্তরা বলেন, আইনে জনগণকে সচেতন করতে তামাকজাত দ্রব্যের মোড়কে স্বাস্থ্যসতর্কবাণী বিধান রয়েছে। কিন্তু সরকারের সংস্থাগুলোর যথার্থ মনিটরিংয়ের অভাব এবং অসাধূ ব্যবসায়ীদের কারণে প্যাকেটে স্বাস্থ্যসতর্কবাণী ছাড়া সিগারেট বাজারে বিক্রয় হচ্ছে।
বক্তারা বলেন, ২০১৩ সালে সংশোধনের মাধ্যমে আইনে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণীর বিধান করা হয়েছে। কিন্তু বিধিমালা চুড়ান্ত করতে বিলম্ব হওয়ায় এখনো ছবিসহ স্বাস্থ্যসতর্কবানী নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত ছবিসহ স্বাস্থ্য সতর্কবানী নিশ্চিতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহবান জানানো হয়।
বক্তারা বলেন, বর্তমানে আমাদের দেশের অধিকাংশ তরুণ। তামাক কোম্পানিগুলো বেপরোয়া ও অনৈতিকভাবে ক্রেতা বাড়ানোর জন্য প্রচারণা চালাচ্ছে। তরুণদের তামাক ব্যবহার হতে বিরত রাখতে অন্যতম কার্যকর পন্থা ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী। আগামী প্রজন্মকে রক্ষায় দ্রুত আইনের বিধান কার্যকর করতে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহবান জানানো হয়।
বক্তারা বলেন, আইন অমান্য করে বিদেশী সিগারেট নীলক্ষেত, গুলশান, ফার্মগেইট, মতিঝিল, গুলিস্থানসহ বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বিক্রয় করা হচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের অবিলম্বে এ সকল স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে বেআইনী তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত ও ধ্বংস করার উদ্যোগ নেয়া প্রয়োজন।
সভায় মানবিকের উপদেষ্টা রফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সম্পাদক, এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারী হেলাল আহমেদ, এনডিএফ-র পরিবেশবিদ ইবনুল সাইদ রানা, গ্রীনমাইন্ডের সভাপতি আমির হাসান, শিক্ষাবিদ কামাল আতাউর রহমান, তামাক নিয়ন্ত্রণ কর্মী ডাঃ জাকির মাসুদ, আইনজীবী ও মানবাধিকারকর্মী এডভোকেট সুলতান মাহমুদ বন্যা এবং ডাব্লিউবিবি ট্রাস্ট্রের ন্যাশনাল এডভোকেসী অফিসার সৈয়দা অনন্যা রহমান এবং বাদসা এর সভাপতি এডভোকেট মাহবুবুল আলম প্রমুখ।











