১০ বছর পর সরাইল যুবলীগের সম্মেলন
মাহবুব খান বাবুল : দীর্ঘ ১০ বছর পর সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এক যুগেরও অধিক সময় পর আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষনার মাত্র নয় দিন পর গত শুক্রবার রাতে জেলা শহরের পৌর মিলনায়তনে সম্পন্ন হয় কাঙ্খিত এ সম্মেলন। সেশন জট ও বন্ধ্যাত্ব কেটেছে সরাইল আ’লীগ ও যুবলীগের। আনন্দে ভাসছে সরাইল। দলীয় সূত্র জানায়, ২০০৫ সালের ২৫ মে ৩১ সদস্যের সরাইল আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছিল তৎকালীন জেলা যুবলীগ। ৯০ দিনের ওই কমিটি দেখতে দেখতে পাড় করে দিয়েছে ১০ টি বছর। সংগঠনটির এমন বন্ধ্যাত্বের কারনে প্রয়োজনের তাগিদে হারিয়ে গেছে নেতৃত্বের অপেক্ষায় থাকা অনেক একনিষ্ঠ কর্মী। বন্ধ্যাত্বের ঘেরাকলে আটকে ছিল আওয়ামীলীগও। নানান চড়াই উতড়ায় ঘাত প্রতিঘাত পেরিয়ে ২০০৪ সালের ৮ জুলাই গঠিত আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত হয় গত ১০ ডিসেম্বর। ১০ বছর পর ওইদিন রাতে জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সভায় ঘোষনা করা হয় সরাইল আওয়ামীলীগের আহবায়ক কমিটি। এর মাত্র নয় দিন পর গত শুক্রবার রাতে জেলা শহরে দুইটি অধিবেশনের মাধ্যমে সরাইল যুবলীগের সম্মেলন সমাপ্ত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ৯টি ইউনিয়নের নেতা কর্মী দ্বারা কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল পৌর মিলনায়তন। বিকেলে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সহ-সভাপতি মোঃ এহছান উল্লাহ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, আ’লীগের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানের উদ্ভুধক ছিলেন জেলা যুবলীগের সভাপতি এডভোকেট মাহাবুবুল আলম খোকন। প্রধান বক্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফেরদৌস। এ ছাড়া বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক আল-মামুন সরকার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি মোঃ মঈন উদ্দিন, জেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নেতা সৈয়দ নজরুল ইসলাম, সরাইল আ’লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ, এডভোকেট আবদুর রাশেদ, খায়রুল হুদা চৌধুরী বাদল ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হান্নান রতন প্রমূখ। রাত সাড়ে সাতটায় শুরু হয় ভোট গ্রহন। ১৬৫ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। ৯৫ ভোট পেয়ে এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু সভাপতি ও ৭৮ ভোট পেয়ে সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হন। পরে সম্মেলনে আল এমরানকে সিনিয়র সহ সভাপতি, জজ মিয়াকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও আমিনুল ইসলাম শেলভিকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। গতকাল শনিবার সকালে মন্তু ও শের আলমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের সমর্থকরা রঙ ছিটিয়ে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরন করে।













