শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র নিরুত্তাপ সম্মেলন

BNP Logo mainআমিরজাদা চৌধুরী : নিরুত্তাপ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলন।  দু-দিন বাদে আগামী ২২ শে ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। অন্তিম এই সময়েও নেতাকর্মীদের মধ্যে নেই কোন উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন উপজেলার কমিটি হয়েছে নিরবে। একই ধারায় হচ্ছে এখন জেলা কমিটি। জেলা বিএনপি’র বিভিন্ন সূত্র জানিয়েছে, সম্মেলনে নেতৃত্বের তেমন পরিবর্তন হচ্ছে না। জেলা আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি সভাপতি আর সদস্য সচিব জহিরুল হক খোকনই সাধারণ সম্পাদক হচ্ছেন। খোকন এর আগের কমিটিতেও একই পদে ছিলেন। কচি সহ-সভাপতি থেকে সভাপতি হচ্ছেন। অন্যান্য পদেও  তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে ৮/১০ টি পদের নেতৃত্ব পরিবর্তন হতে পারে বলে ধারনা পাওয়া গেছে। সিনিয়র সহ-সভাপতি আর প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদ চাইছেন দু-ভাগে বিভক্ত বিএনপি’র অপর গ্রুপের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সিরাজুল ইসলাম সিরাজ। এ নিয়ে সমঝোতা হলে আর কোন ঝামেলাই থাকবে না বলে দলের এ সুত্র জানায়। যদিও এ দু-জনের নেতৃত্বে আলাদা প্যানেল হবে এমনটাই ধারনা করছিলেন দলের নেতাকর্মী এবং অন্যান্য মহল। পদের জন্যে প্রতিযোগিতা না থাকায় এবং কমসংখ্যক পদে পরিবর্তনের কারনে জেলা বিএনপি’র আগামী কমিটি ‘রিপেয়ারিং’ কমিটি হিসেবেই চিহ্নিত হচ্ছে দলের নেতাকর্মীদের কাছে। ২০১০ সালের ফেব্রুয়ারীতে হয়েছিলো জেলা বিএনপি’র গত সম্মেলন। এই সম্মেলনে সভাপতি হন সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদ। সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। এই কমিটি এবং পরবর্তীতে আহবায়ক কমিটির বিরুদ্ধে নানা ব্যর্থতার অভিযোগ উঠে। বিশেষ করে সদর আসনের উপনির্বাচন, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে ব্যর্থতার অভিযোগ আলোচিত। আর সে কারনে জেলা বিএনপিতে নতুন নেতৃত্ব আসবে, জাগরনের সৃষ্টি হবে- সাধারণ নেতাকর্মীদের চাওয়া এমনটাই ছিলো বলে জানালেন জেলা বিএনপি’র আগের কমিটির এক নেতা। গত ১৫ ই এপ্রিল জেলা বিএনপি’র কমিটি ভেঙ্গে দেয়া হয়। করা হয় ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। এই কমিটিকে ৪৫ দিনের মধ্যে সকল ইউনিটের সম্মেলন সম্পন্ন করে জেলা সম্মেলন করার সময় বেধে দেয়া হয়। কিন্তু সম্মেলন হচ্ছে ৭ মাস পর। তাও নিরবে। জেলা বিএনপি’র ঐ নেতা জানান- সম্মেলনের তারিখ হুট করেই ঘোষনা করা হয়। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  মুশফিকুর রহমানের ঢাকার বাসায় গত ১০ ই ডিসেম্বর জেলা বিএনপি’র নেতাদের বৈঠক হয়। ঐ বেঠকেই সব ঠিকঠাক হয়। খসড়া কমিটিও তৈরী করা হয়। এরপর ১২ ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় হারুন আল রশিদের বাসায় যৌথ সভা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা আরো বলেন, তারা (আহবায়ক কমিটির নেতারা) বলছেন চেয়ারপারসনের নির্দেশ আছে ডিসেম্বরের মধ্যে সম্মেলন করার। এধরনের চিঠি নাকি দেয়া হয়েছে । সেজন্যেই তারা তাড়াহুড়ো করছেন। কিন্তু আমরা এর কোন কিছুই দেখিনি। জেলা বিএনপি’র আহবায়ক কমিটি নেতারা জানান, তাদের মোট ১৩ টি ইউনিটের মধ্যে ১২ টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। এখনো বাকী আছে বিজয়নগর উপজেলার সম্মেলন। দলীয় বিভিন্ন সুত্রে জানা গেছে, কসবা, আখাউড়া, নাসিরনগর, নবীনগর, বাঞ্ছারামপুরসহ অন্যান্য উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহর কমিটিতে পুরনো নেতৃত্বই বহাল আছে। এসব কমিটি করা হয় নিরবে। সর্বশেষ আশুগঞ্জ উপজেলার কমিটি ঘোষনার পর বিস্ফোরন ঘটে। আগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়ে জেলা থেকে এই দুই পদে নতুন নেতা দেয়া হয়। আগের কমিটির নেতারা ২২ শে ডিসেম্বর মহাসড়ক অবরোধের কর্মসূচী দিয়েছেন কমিটি বাতিলের দাবীতে। তারা অভিযোগ করেন মুশফিকুর রহমান ও হারুন আল রশিদ পকেটে টাকা ঢুকিয়ে পকেট থেকে আশুগঞ্জের কমিটি বের করে দিয়েছেন।   
২০১১ সালে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের উপ-নির্বাচনের পর জেলা কমিটি ভেঙ্গে দেয়া হচ্ছে বলে রব উঠেছিলো। ওই নির্বাচনে জেলা নেতৃত্বের গাছাড়া ভাব স্পষ্ট হয়ে ধরা পড়েছিলো সবার চোখে। নির্বাচনী প্রচারনা চালাতে দফায় দফায় তখন ব্রাহ্মণবাড়িয়া আসা কেন্দ্রীয় নেতাদের চোখও এড়ায়নি বিষয়টি। হারুন আল রশিদকে উপনির্বাচনে প্রার্থী না করায় জেলা বিএনপির নেতারা ছিলেন নিস্ক্রিয়। এই নির্বাচনের পরই হারুন আল রশিদ আর উপনির্বাচনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবু শ্যামল ভাগে বিভক্ত হয়ে যায় বিএনপি। উপ-নির্বাচনের পর পৌরসভা নির্বাচনে বিভক্ত বিএনপি বেহাল হয়ে পড়ে। ২০১৪ সালের উপজেলা নির্বাচনেও ছিলো বিভক্তির প্রভাব। যোগ্য প্রার্থীর বদলে ‘আমার প্রার্থী’ দেয়ার কারনে বিভিন্ন উপজেলায় পরাজয় ঘটে। বিজয়নগর উপজেলা নির্বাচনে জেলা আহবায়ক কমিটি যাকে মনোনয়ন দেয় তার জামানত বাজেয়াপ্ত হয়। বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্ধিতা হয় আওয়ামীলীগ প্রার্থীর সঙ্গে। এর আগে অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের পর ভেঙ্গে দেয়া হয় জেলা কমিটি। আর এতে আউট হয়ে যান জেলা বিএনপি’র সভাপতি প্রবীণ নেতা হারুন আল রশিদ। তার স্থলে আহবায়ক করা হয় সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিকে। তিনি সম্পর্কে হারুন আল রশিদের মামা। আগের কমিটির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনকে করা হয় সদস্য সচিব। তিনিও হারুন বলয়ের। তাই গ্রুপিংয়ের রাজনীতিতে হারুন আল রশিদের আধিপত্য অটুট থাকে। উপনির্বাচনের মনোনয়ন বিরোধে এই গ্রুপের অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠে শ্যামল আর তার অনুসারীরা। দলের  রাজনীতিতে শ্যামলকে কোণঠাসা করাই লক্ষ্য হয়ে উঠে এই গ্রুপের। আর সেকারনে জেলা আহবায়ক কমিটি এবং পরবর্তীতে  বিভিন্ন উপজেলা কমিটি গঠনে শ্যামল অনুসারীদের কোণঠাসা করা হয়। জেলা বিএনপি’র এক নেতা বলেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম খান রুমার মতো ক্লিন ইমেজের একজন নেতাকে জেলা আহবায়ক কমিটিতে রাখা হয়নি শুধু শ্যামল গ্রুপের বলে। বিভিন্ন  উপজেলা কমিটি গঠনে দলের সম্ভাব্য এমপি প্রার্থীদের চয়েজকে প্রাধান্য দেয়া হলেও সদরে ছিলো ব্যতিক্রম । ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসনের দুই উপজেলার মধ্যে সদর উপজেলার কমিটি ঝুলিয়ে রাখা হয়। সেপ্টেম্বরে খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়া সফরের ২ দিন আগে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি ও আলী আজমকে সাধারণ সম্পাদক করে সদরের কমিটি দেয়া হয়। আওয়ামীলীগের নির্বাচন করেছেন এমন কয়েকজনকেও এই কমিটিতে পদ দেয় আহবায়ক কমিটি। সদর উপজেলা পরিষদে বিদ্রোহী প্রার্থী হয়ে বহিস্কার হওয়া নূরে আলম সিদ্দিকীকে বহিস্কার উঠিয়ে নিয়ে করা হয় সিনিয়র সহ-সভাপতি। দলীয় প্রার্থী জামানত হারানোর পর বিজয়নগর উপজেলা কমিটি ভেঙ্গে দেয়া হয়। ঐ উপজেলায় আর কোন কমিটি করা হয়নি।  
সম্মেলনের বিষয়ে হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, আমরা এখনো কমিটি ঠিক করিনি। সম্মেলনের প্রথম পর্বে হবে জনসভা । এরপর কাউন্সিল অধিবেশন। সেখানে পদের প্রতিদ্বন্ধি না থাকে তাহলেতো কথাই নেই। যদি প্রতিদ্বন্ধি থাকে সাবজেক্ট কমিটি আছে। তারাই পরের করনীয় ঠিক করবে। তিনি বলেন উপজেলা কমিটিতে অনেক পরিবর্তন হয়েছে। বিজয়নগর উপজেলা কমিটি হবে পরে। এবার জেলা কমিটি ১০১ বা ১৭১ সদস্য বিশিষ্ট হতে পারে। তবে সেটি এখনো ঠিক হয়নি বলে জানান তিনি।  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপি’র কোন অংশের নেতা আমি নই। আমরা আলোচনার মাধ্যমে কমিটি করতে চাইছি। সমঝোতা না হলে ভোটে যাবো।