শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জুয়েল একাদশ ৪৯ রানে হারিয়েছে শহীদ মুস্তাক একাদশকে।

8_190601ক্রীড়া ডেস্ক :প্রতিবছরের মতো এবারও বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা বসেছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুস্তাক আহমেদ একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ঢেলে দিয়েছিলেন বুকের তাজা রক্ত। শহীদ বীর ক্রিকেটারদের মাতৃভূমির জন্য আত্মত্যাগ চিরস্মরণীয়। ১৯৭২ সাল থকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক বিজয় দিবস পদর্শনী ক্রিকেট কাল ম্যাচ। দুই দলে ভাগ হয়ে মুখোমুখি হয়েছিলেন সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আকরাম খানদের নিয়ে শহীদ জুয়েল একাদশের নেতৃত্ব দিলেন মিনহাজুল আবেদিন নান্নু। নাঈমুর রহমান দুর্জয়-হাসিবুল হাসান শান্তদের নিয়ে গড়া শহীদ মুস্তাক একাদশের নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। মিরপুর স্টেডিয়াম পরিণত হয়েছিল একখণ্ড বিজয় উদ্যানে। লাল-সবুজ পতাকার ঔজ্জ্বল্য তো ছিলই। সঙ্গে শহীদ জুয়েল আর শহীদ মুস্তাকের নামে গঠিত দুই দলের খেলোয়াড়দের জার্সিও জানান দিচ্ছিল, সবুজ জমিনে রক্তরাঙা সূর্যের বিজয় বার্তা। ম্যাচে শহীদ জুয়েল একাদশ ৪৯ রানে হারিয়েছে শহীদ মুস্তাক একাদশকে।

ম্যাচ দেখতে খেলোয়াড়দের স্বজনরাও এসেছিলেন। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ১০টায়। প্রায় দেড় ঘণ্টা পিছিয়ে তা শুরু হয় দুপুর ১২টায়। টস জিতে মিনহাজুল আবেদিন নান্নু ব্যাট নিতে ভুল করেননি। ব্যাট-প্যাড সেই কবে তুলে রেখেছেন সবাই। ব্যাটে-বলে এখনও সাবলীল সাবেকরা। ২০ ওভারের ম্যাচে হাফসেঞ্চুরি পেলেন মি. ফিফটি হাবিবুল বাশার। ৪৪ বলে সাত চারে এই ওপেনার করেন ৫২ রান। জাভেদ ওমরও নিজের স্বভাবসুলভ ব্যাটিং ভুলতে পারেননি। টি ২০ ম্যাচে ২৪ রান করেছেন তিনি ২৪ বলে। সবাই অপেক্ষা করছিলেন আকরাম খানের বিশাল ছক্কা দেখার জন্য। কয়েকবার চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু ১৭ বলে এক চারে ১৬ রান করে আউট হন তিনি। বোলিংয়ে পুরনো নাইমুর রহমান দুর্জয়কে পাওয়া গেলো। ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন আকরাম খান, সানোয়ার হোসেন ও মাহবুবুর রহমানের উইকেট। তিন উইকেট নিয়েছেন সাইফুল্লাহ জিমও। ম্যাচের সবচেয়ে মনোরম দৃশ্য মিনহাজুল আবেদিন আউট হওয়ার পর যখন লাল-সবুজ বিজয়ের পতাকা উড়িয়ে মাঠ ছাড়েন।১৩৩ রান তাড়া করতে নেমে শুরুতেই খাবি খেয়েছে শহীদ মুস্তাক একাদশ। আলমগীর কবিরের বোলিংয়ে ২২ রানে দুই উইকটে হারায় তারা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে ম্যাচ-ফিক্সিংয়ের ঘটনার পর বিসিবিতে দেখা যায় না মোহাম্মদ রফিককে। যদিও তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। কাল আবার নিজের ঘূর্ণি দেখালেন মিরপুরে। তিন ওভারে দিয়েছেন মাত্র আট রান। পেয়েছেন এক উইকেট। এই বয়সেও দুর্দান্ত ফিল্ডিং করে সবাইকে তাক লাগিয়ে দেন শফিউদ্দিন আহমেদ বাবু। তিনি উইকেটও নিয়েছেন তিনটি। শেষদিকে সাজ্জাদ আহমেদ শিপন ৩৫ রান করে শহীদ মুস্তাক দলের মান রক্ষা করেন। ম্যাচে একমাত্র ছয় মেরেছেন হাসিবুল হাসান শান্ত। শহীদ মুস্তাক একাদশ অলআউট হয় ৮৩ রানে। ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং শহীদ জুয়েলের বোন।