শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইত্যাদি’ আলোর দিশারি

53526_e1বিনোদন প্রতিবেদক :দেশের এই মিডিয়া বিস্তারের যুগে প্রায় দুই ডজনেরও বেশি টিভি চ্যানেলে হাজার হাজার অনুষ্ঠানের ভিড়ে ‘ইত্যাদি’ই যে সেরা, সেটা আবারও প্রমাণিত হলো ইত্যাদি’র এ বছরের শেষ অনুষ্ঠানটিতে। গত ৫ই ডিসেম্বর রাতে দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেছেন আনন্দ-বেদনা-সম্ভাবনা-ভালবাসা-উচ্চাশা-ভাল কাজের পথ প্রদর্শক-আলোর দিশারি ‘ইত্যাদি’। বিষয়বস্তুর বৈচিত্র্য আর নান্দনিক উপস্থাপনা গাঁথুনিতে একটি টিভি অনুষ্ঠান যে বড়মাপের সমাজ সংস্কারক হতে পারে, প্রতিবারের মতো এবারও তা প্রমাণ করেছে ‘ইত্যাদি’। বিশাল আয়োজনের এ অনুষ্ঠান শুধু নির্মল বিনোদনই দিচ্ছে না, প্রতিনিয়ত নিজেদের বিবেকবোধের জায়গাগুলো নাড়িয়ে দিচ্ছে। দেশের ঐতিহ্যকে তুলে ধরার অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে ‘ইত্যাদি’। টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিও’র চার দেয়ালের বাইরে নিয়ে এসে আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে কয়েক বছর ধরেই। এবারও তার ব্যতিক্রম ছিল না। এবারের পর্ব ধারণ করা হয় চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলের পাশেই বড়স্টেশন মোলহেডে। এতদিন মোলহেডের দিনের সৌন্দর্য সবাইকে অভিভূত করেছে। এবার সারা বিশ্বের দর্শকরা দেখলেন মোলহেডের রাতের সৌন্দর্য। বর্ণিল আলো আর নান্দনিক নানা কারুকাজে দারুণ আকর্ষণীয় হয়েছে মঞ্চটি, যা দুর্নিবার ভাল লাগারই জন্ম দিয়েছে। এবারের পর্বের শুরুতেই চাঁদপুরের ওপর প্রতিবেদনটি ছিল বেশ তথ্যবহুল। চাঁদপুরকে যে গেট অব বেঙ্গল বলা হতো, এটা অনেকেরই অজানা ছিল। এছাড়া জানা গেল চাঁদপুরের অনেক কৃতী সন্তানদের কীর্তি ও কৃতিত্বের কথা। ‘ইদানীং প্রায়ই পত্রপত্রিকায় ছাপা হয়, পরকীয়ার জের ধরে ঘর ভাঙা, আত্মহত্যা, এমনকি হত্যা সংক্রান্ত নানা খবর। এ দেশের অধিকাংশ মানুষ মনে করেন, এর পেছনে সবচেয়ে বড় অনুঘটকের ভূমিকা পালন করছে বিদেশী বিভিন্ন চ্যানেলে প্রচারিত চাকচিক্যময় কৃত্রিম এক সামাজিক চালচিত্র’- হানিফ সংকেতের এ কথায় যেন দেশের বর্তমান সময়ের চিত্রই ফুটে উঠেছে। তারপরও কিছু কিছু ব্যতিক্রমও রয়েছে। তারই চিত্র পাওয়া গেল যৌথ পরিবারের প্রতিবেদনে। কোন ভিনদেশী আগ্রাসনের প্রভাবে প্রভাবিত না হয়ে ত্রিশাল উপজেলার ধলা গ্রামের ১০২ বছর বয়সী আবদুর রহমানের যৌথ পরিবারের ৪০ জন সদস্য এখনও একসঙ্গে থাকেন, একসঙ্গে খান। ভিনদেশী সাংস্কৃতিক আগ্রাসন কিংবা বিদেশী সিরিজগুলোর কালোথাবা তাদের ওপর কোন প্রভাব বিস্তার করতে পারেনি। ‘বিশ্বায়ন বা মুক্ত অর্থনীতির যুগে আমরা অর্থনীতির পাশাপাশি সবচেয়ে বেশি যে আগ্রাসনের শিকার হচ্ছি তা হলো সাংস্কৃতিক আগ্রাসন’- একথাটি বলে হানিফ সংকেত যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমাদের গর্বের, অহংকারের, ঐতিহ্যের জায়গাগুলোর ভিত নাড়িয়ে দেয়ার জন্য, বর্তমান সময়ের সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী কারা। সেই সঙ্গে তিনি বর্তমানে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার দুর্দশার চিত্রও যেন ফুটিয়ে তুললেন। ভিনদেশী টিভি চ্যানেলগুলোর কুপ্রভাব আমাদের সমাজ ও সংস্কৃতির জন্য যখন রীতিমতো হুমকি হয়ে উঠেছে- তখন আমাদের এমন একটি প্রতিবেদনের সত্যিই খুব দরকার ছিল। প্রতিটি বিষয়ের ওপর হানিফ সংকেতের এমন সূক্ষ্মাতিসূক্ষ্ম পর্যবেক্ষণ এবং দূরদৃষ্টির জন্য ধন্যবাদ তিনি পেতেই পারেন। অনুষ্ঠানের শেষে মহিউদ্দিনকে দেখানোর পর তার চাকরি পাওয়া এবং তারই সূত্র ধরে আরও ১৪ জনের চাকরি পাওয়ার খবর আনন্দিত করেছে আমাদের। ‘ইত্যাদি’র আবিষ্কার পলান সরকারের কাহিনী ‘ইত্যাদি’তে প্রচার হওয়ার পর তার উত্তরণের সংবাদ জেনে ভাল লাগলো। সবচেয়ে ভাল লেগেছে নিভৃত গ্রামে চিকিৎসা সেবাদানকারী ৭৪ বছর বয়স্ক অ্যাড্রিক বেকারের নাগরিকত্ব লাভের ঘটনায়। ‘ইত্যাদি’র মাধ্যমে কেয়া কসমেটিকস-এর পক্ষ থেকে অসহায় মানুষের সেবার জন্য ২ লাখ টাকা দেয়া হয়, যা ছিল প্রশংসনীয়। এছাড়া ত্রিশোর্ধ্ব আবদুর রহিমের খেজুর গাছের চূড়ায় উঠে নানা শারীরিক কসরতও দর্শকদের বিস্মিত করেছে। বাংলাদেশের প্রথম মহিলা পত্রিকা ‘বেগম’-এর সম্পাদিকা নূরজাহান বেগমের সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত তথ্যনির্ভর। এ সাক্ষাৎকার থেকেই জানা গেল সাংবাদিকতার পথিকৃত নাসিরউদ্দিনের পারিবারিক প্রস্তাবনা থাকা সত্ত্বেও তার স্মৃতি রক্ষার্থে কোন কিছুরই নামকরণ করা হয়নি। অচিরেই এ বিষয়ে ইতিবাচক কোন পদক্ষেপ নেয়ার দাবি থাকছে যথাযথ কর্তৃপক্ষের কাছে। এবারের ‘ইত্যাদি’র গান, নাচ ও অন্য আইটেমগুলোও ছিল বেশ শিক্ষণীয়, সময়োপয়োগী এবং উপভোগ্য। বরাবরের মতো এবারও আমাদের দেশ, রাজনীতি, সমাজনীতি, পরিবারনীতি ও ব্যক্তিনীতি যেসব বিষয়, বৈশিষ্ট্য ও উপাদান নিয়ে গঠিত তার একটি সম্পূর্ণ চিত্র প্রায় এক ঘণ্টার ‘ইত্যাদি’তে তুলে ধরা হয়। সব মিলিয়ে চমৎকার একটি আয়োজন ছিল এবারের ‘ইত্যাদি’। দেশীয় টিভি মাধ্যমের এ শীর্ষ অনুষ্ঠানটি তার নিজস্ব ধারায় এগিয়ে যাক। প্রত্যাশা রইলো ‘ইত্যাদি’ এমনই যেন থাকে যুগ যুগ। অভিনন্দন হানিফ সংকেতকে। সেই সঙ্গে সাধুবাদ এর স্পন্সরকারী প্রতিষ্ঠান কেয়া কসমেটিকসকেও।