শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্গুসনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

1163d092687c422965436bb36c132cc5-05

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে আবার সহিংসতা শুরু হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীদের থেমে থেমে সংঘর্ষ চলছে।তিন মাস আগে ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হন। এ সময় পুরো যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার গ্রান্ড জুরি গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেননি। এরপর ফার্গুসনে আবার বিক্ষোভ, সংঘর্ষ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা বিক্ষোভকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জনগণ যাতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ-সমাবেশ করতে পারে, এ জন্য প্রশাসনকে নির্দেশ দেন।সাক্ষ্যপ্রমাণে জুরি বোর্ড নিশ্চিত হয়েছেন যে, পুলিশ কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি করার ফলে ব্রাউন মারা যান। তাই অভিযোগ থেকে পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছেন জুরি বোর্ড। এই ঘোষণার পরেই বিক্ষোভে ফেটে পড়েন ফার্গুসনের বাসিন্দারা।

ফার্গুসনে তরুণ হত্যায় অভিযুক্ত হননি পুলিশ কর্মকর্তা

জুরি বোর্ডের সিদ্ধান্ত জানার জন্য ফার্গুসন শহরে দুপুর থেকে লোকজন জড়ো হতে থাকে। কৃষ্ণাঙ্গদের সঙ্গে নিয়ে নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারী বিভিন্ন সংগঠনও তাৎক্ষণিক বিক্ষোভ, সমাবেশ শুরু করে। বিক্ষোভকারীরা বলতে থাকে, জুরি বোর্ডের এ সিদ্ধান্ত বৈষম্যমূলক। এ ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার দুর্বলতা আবারও প্রকাশ্যে চলে এসেছে।

গতকাল রাতেই যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে বিক্ষোভ শুরু হয়। নিউইয়র্কের টাইম স্কয়ার থেকে শুরু করে শিকাগো, ডেট্রোয়েটসহ কৃষ্ণাঙ্গদের বসবাসরত এলাকায় রাতেই ব্যাপক বিক্ষোভ, সমাবেশ হয়। তবে অন্য এলাকাগুলোতে বিক্ষোভ, সমাবেশ শান্তিপূর্ণ হলেও ফার্গুসন শহরের অবস্থা নাজুক ছিল। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। ক্ষুব্ধ লোকেরা পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে।

ফার্গুসন শহরে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গতকাল মধ্যরাত পর্যন্ত সেখানকার তিনটি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। অনেক দোকানপাটে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। ফার্গুসনের বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থায় রয়েছে। বড় বড় শহরে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

নিহত মাইকেল ব্রাউনের পরিবার থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত দুঃখজনক। তবে বিক্ষোভকারীদের নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনার জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।