অবশেষে ধর্মগুরু রামপাল গ্রেপ্তার
ভারতের হরিয়ানা রাজ্যের সেই বিতর্কিত ধর্মগুরু রামপাল মহারাজকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বুধবার আশ্রম প্রাঙ্গন থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
তার এই গ্রেপ্তারের মধ্যদিয়ে টানা দুই সপ্তাহ ধরে চলা পুলিশের সঙ্গে রামপাল সমর্থকদের চলা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটলো। এ ঘটনায় এ পর্যন্ত ৪ নারী নিহত হয়েছে। এর মধ্যে একজন নারী ও শিশু মারা যান হাসপাতালে নেয়ার পর। তবে চূড়ান্ত অভিযানে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী এই ধর্মগুরুকে পুলিশ আজ বৃহস্পতিবার বেলা ২টায় আদালতে তুলছে।
বিতর্কিত এই ধর্মগুরুকে গত কয়েকদিন ধরেই গ্রেপ্তারের চেষ্টা করে আসছিল পুলিশ। কিন্তু ভক্ত-সমর্থকদের ঢাল বানিয়ে পুলিশের গ্রেপ্তার ঠেকিয়ে আসছিলেন তিনি।
খবরে বলা হয়েছে, বুধবার পুলিশ হরিয়ানার হিসার এলাকায় তার শতলোক আশ্রমে গুঁড়িয়ে দিয়ে তার চেম্বারে ঢুকে পড়ে। পরে তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায় পুলিশ। সমর্থকরা এ গ্রেপ্তারে পুলিশকে প্রবলভাবে বাধা দেয়। তারা পুলিশের প্রতি এসিড নিক্ষেপ করে।
গ্রেপ্তারের পরেই রামপালকে হাসপাতালে নেয়া হয়। রাতে তাকে সেখানেই রাখা হয়। কঠোর নিরাপত্তা ছিল হাসপাতালে। পরে ভক্তদের ভিড় জমে যাওয়ায় তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বেলা ২টায় তাকে আদালতে তোলার কথা রয়েছে।
খবরে বলা হয়েছে, পাঁচ হাজার ভক্ত-অনুসারী নিয়ে রামপাল আশ্রমে অবস্থান করছিলেন। তাদের মধ্যে নারী ও শিশু ছিলেন। রামপাল তাদের বর্ম হিসেবে ব্যবহার করে আসছিলেন।
খবরের বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে আশ্রমের চারপাশে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ মাইকে ঘোষণা দিচ্ছে ভক্তদের আশ্রম থেকে বের হয়ে আসার। তাদের গ্রেপ্তার না করার নিশ্চয়তাও দেয়া হচ্ছে। তবে যারা আশ্রম থেকে বের হয়ে আসছেন তারা বলছেন, অনেক কষ্টে আসতে পেরেছেন।
হরিয়ানা পুলিশের দেয়া তথ্য মতে, রামপাল মহারাজ প্রায় দুই সপ্তাহ ধরেই শিশু এবং নারীদের ঢাল বানিয়ে আশ্রমের মধ্যে লুকিয়ে ছিলেন। তাকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা থাকার পরেও তিনি ধরা দিচ্ছিলেন না, উল্টো ভক্তদের দিয়ে সহিংসতা চালিয়ে যান।
এদিকে রামপাল সর্মথক ভক্তদের দাবি, মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ মারা যায়। যদিও এ খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।
মঙ্গলবার গভীর রাতে আশ্রম থেকে প্রায় দশ হাজার ভক্ত চলে যান। ভক্তদের বক্তব্য অনুযায়ী, একটি ধর্মীয় বিষয় নিয়ে মুক্ত আলোচনার জন্য তাদের ডাকা হলেও সেই আলোচনা টানা ১১ দিন ধরে চালানো হয়। কিন্তু আলোচনার মূল প্রসঙ্গে রামপাল মহারাজ একবারও আসেননি।
পুরো আশ্রমটি ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোটা শহর জুরেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হয়েছে।
অভিযানের পর হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খাত্তার বলেছেন, ‘আমাদের মিশন সফল হয়েছে। কোন নির্দোষ মানুষ মারা যাবে না- এই নীতির ওপর গুরুত্ব দেয়া হয়েছিল অভিযানে। সেটা সফল হয়েছে। এজন্য আমাদের কৃতিত্ব দেয়া উচিত।











