,

‘এইচ টি ইমাম আ.লীগের প্রধান ইমাম’

fakবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে ‘আওয়ামী লীগের প্রধান ইমাম’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ‘তাদের ওই ইমামের নির্দেশনাতেই নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন সম্পন্ন করেছে। একইসঙ্গে মাত্র পাঁচ ভাগেরও কম ভোট পড়লেও তারা ভোটের ফলাফল বদলে তা ৪০ শতাংশ করেছে।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের ইমাম ৫ জানুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচন নিয়ে সরকারি ষড়যন্ত্রের কথা প্রকাশ করে দিয়েছেন। সেই নির্বাচন নিয়ে কিভাবে প্রহসন হয়েছে, সরকারি প্রশাসনকে কিভাবে অবৈধভাবে ব্যবহার করা হয়েছে; তা তাদের ঈমামের কথায় প্রকাশ হয়ে পড়েছে। সেই ইমাম ওই নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন।’

তিনি বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে। পতন যখন শুরু হয়, তখন চারিদিক থেকে তা আসে। আওয়ামী লীগের পতন শুরু হয়েছে। সর্বশেষ তাদের ইমামের কথায় জারিজুরি সব বের হয়ে এসেছে। যদিও গতকাল (সোমবার) সেই ইমাম প্রেস কনফারেন্সের মাধ্যমে সাফাই গাইতে চেয়েছেন। কিন্তু দেশের মানুষ তা কোনভাবেই মেনে নেয়নি।’

‘সরকারের সাবেক টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দুটি সত্য কথা ফাঁস করায় তার চাকরি চলে গেছে’ এ মন্তব্য করে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল বলেন, ‘তারা যে ধর্মে বিশ্বাস করে না, তা লতিফ সিদ্দিকী ফাঁস করেছেন। মানে আওয়ামী লীগ ধর্মহীন দল। তারা কোনো ধর্মে বিশ্বাস রাখে না। আর শেখ হাসিনার ছেলে জয় বাংলাদেশের সরকার থেকে মাসে এক কোটি ৬০ লাখ টাকা নিয়ে থাকেন। টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সেই টাকা দেওয়া হয়। লতিফ সিদ্দিকী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জেনে-শুনেই এ কথা বলেছেন। আমরা এ বিষয়ে সরকারের কাছে বারবার সঠিক ব্যাখ্যা দাবি করেছি। জয়কে কেন এত টাকা দেওয়া হয়? আজ পর্যন্ত এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অথচ জনগণ এর ব্যাখ্যা জানতে চায়।’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, ‘একবার হলেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলুন। তাহলে মৃত্যুর পরেও মানুষ আপনাদের মনে রাখবে। দেশে থাকতে পারবেন, না হলে দেশে থাকতে পারবেন না।’

তার এমন বক্তব্য ‘চরম ফ্যাসিস্ট’ উল্লেখ করে এর নিন্দা জানান ফখরুল। তিনি বলেন, ‘এ ধরনের ফ্যাসিবাদী কথা আমরা আগেও শুনেছি। স্বাধীনতার পর আমরা বলতে শুনেছি, কোথায় সিরাজ শিকদার? অথচ সেই দম্ভোক্তিকারীরা শেষ হয়ে গেছে। তার মৃত্যুর পর দেশের একজন লোকও কাঁদেনি। অথচ যে জিয়াউর রহমান নিয়ে তাদের এত ক্ষোভ, সেই জিয়ার মৃত্যুর পর দেশের কোটি কোটি মানুষ ডুকরে ডুকরে কেঁদেছেন। শোক পালন করেছেন। তার জানাজায় যত মানুষ হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে আর হয়নি।’

তিনি বলেন, ‘আগামী দিনের তরুণ সমাজের সুযোগ্য নেতৃত্ব বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তাকে মিথ্যা অভিযোগে কারাগারে আটক করা হয়েছে। নির্যাতন করা হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র নতুন নয়। যারা দেশের সত্যিকার স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যারা দেশকে ভালোবেসে পৃথিবীর বুকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ধারাবাহিকভাবেই চলে আসছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। আপসহীন নেত্রী খালেদা জিয়ার নামে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে।’

তারেক রহমান সম্পর্কে মির্জা ফখরুলের ব্যক্তিগত অভিমত হলো, ‘তিনি ভবিষ্যৎ বাংলাদেশে একটি সত্যিকার স্বাধীন-সার্বভৌম শক্তিশালী গণতন্ত্রের জন্য নেতৃত্ব দেবেন।’

তিনি বলেন, ‘আজ যে নেতার জন্মদিন আমরা পালন করছি তিনি আমাদের মাঝে নেই। তিনি সাত সমুদ্র তের নদীর ওপারে নির্বাসিত জীবন-যাপন করছেন। আজ এ সমাবেশের মাধ্যমে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করছি, তার জন্মদিন যেন দীর্ঘদিন বার বার ফিরে আসে। আর আমরা তা পালন করতে পারি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, শওকত মাহমুদ, আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি রাজিব হাসান, সহ-সভাপতি নাজমুল হাসান, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাযহারুল আনোয়ার, পরিচালক চাষী নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, জাসাসের সিনিয়র সহসভাপতি চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল প্রমুখ বক্তব্য রাখেন।

দ্য রিপোর্ট

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর