শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ওদের কী কাজ

african citigenডেস্ক রির্পোট : ভিনদেশি অপরাধীর ঘাঁটিতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। বৈধ কোনো কাগজপত্র ছাড়াই তারা রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বসবাস করে অপরাধ কর্মকা- চালিয়ে যাচ্ছেন। খুন থেকে শুরু করে অস্ত্র, মাদক ও জাল ডলার ব্যবসা, জঙ্গি তৎপরতা, আদম পাচার, ক্রেডিট কার্ড জালিয়াতি, মানব পাচারসহ অপরাধের নানা বিভাগে তারা দাপিয়ে বেড়াচ্ছেন। হালে তাদের অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসনকে যেমন ভাবিয়ে তুলেছে, জনমনেও ছড়িয়ে পড়ছে আতঙ্ক।

গোয়েন্দারা বলছেন, ২০ দেশের অন্তত ৫ সহস্রাধিক নাগরিক রাজধানীতে ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে জড়িত। তাদের মধ্যে শতাধিক বিদেশি রয়েছেন, যারা নিজ দেশের দাগি অপরাধী। নাম-ঠিকানা পাল্টে বাংলাদেশে আত্মগোপনে থেকে অপরাধ কর্মকা- চালিয়ে যাচ্ছেন। দিনে দিনে তাদের অপরাধের মাত্রা বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের পাকড়াওয়ে অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর রামপুরা, গুলশান ও উত্তরার ১৪৭টি বাড়িতে একযোগে অভিযান চালানো হয়। কাগজপত্র ছাড়া অপরাধে জড়িত এমন ৩১ জনকে আটক করে পুলিশ, যাদের প্রত্যেকেই আফ্রিকান।

গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের তথ্য দিয়ে ডিবির ডিসি (দক্ষিণ) কৃষ্ণপদ রায় বলেন, বিদেশিদের বাসা ভাড়া দেওয়ার আগে বাড়িওয়ালাদের সতর্ক থাকতে হবে। বৈধ কাগজপত্র যাচাই-বাছাইয়ের পরই তাদের ভাড়া দেওয়া উচিত। কৃষ্ণপদ রায় বলেন, গ্রেফতার ৩১ বিদেশি নাগরিক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। শিক্ষার্থী ও ভ্রমণ ভিসায় তারা বাংলাদেশে এসেছেন। তারা সবাই আফ্রিকান নাগরিক। সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থানরত বিদেশি নাগরিকরা খুন, প্রতারণা, মাদক ব্যবসা, জাল টাকা তৈরি, ভিওআইপি ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন নাইজেরিয়ার ১২, উগান্ডার ৫, ক্যামেরুনের ৪, গাম্বিয়ার ৩, আইভোরি কোস্টের ২, সেনেগালের ১, কেনিয়ার ১, মালির ১, মোজাম্বিকের ১ ও টোগোর ১ জন।

রামপুরার বনশ্রী থেকে ১১, গুলশান থেকে ৪ ও উত্তরা থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ডিসি আরও বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ বিদেশি নাগরিকদের ধরতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ডিসি ডিবি (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, আমাদের অভিজ্ঞতায় দেখেছি, কিছু বিদেশি ছাত্রও ভ্রমণ ভিসায় এ দেশে আসেন। উত্তরা ও গুলশানসহ বিভিন্ন অভিজাত এলাকায় তারা বাসা ভাড়া করেন। একসময় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা এ দেশে অবৈধভাবে থাকতে শুরু করেন, যা বড় ধরনের অপরাধ। এ ছাড়া তারা অনেক সময় মাদক ও জাল টাকা তৈরিসহ বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়েন।

গোয়েন্দা সূত্র জানায়, ৪ অক্টোবর অবৈধভাবে বসবাসকারী আলজেরীয় নাগরিক আবু ওবায়েদ কাদের সমকামিতায় ব্যর্থ হয়ে পানিতে চুবিয়ে উত্তরায় স্কুলছাত্র জুবায়ের আহমদকে হত্যা করেন। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারের পর কাদের এই বর্ণনা দেন। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্যামেরুনের তিন নাগরিক পেরেজ ইফরেইন, সেন কেরিন ন্যাটি ও মিকো স্যান্ডিও নাটালিকে সম্প্রতি রাজধানীর উত্তরা থেকে জাল ডলার ও ডলার তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করে ডিবি। সেগুনবাগিচা থেকে বোমা তৈরির ম্যানুয়ালসহ গ্রেফতার করা হয় জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান অব পাকিস্তান-এর প্রশিক্ষণপ্রাপ্ত তিন পাকিস্তানি মেহমুদ, উসমান ও ফকরুলকে।

গত বছরের ২ ফেব্রুয়ারি বিপুল জাল ডলার, ইউরো, রুপিসহ গুলশানের নিকেতন থেকে দক্ষিণ আফ্রিকার নাগরিক জিংগে ফিলিং সিফু, ক্যামেরুনের সামজেলা ক্রিসসহ আটজনকে গ্রেফতার করে ডিবি। একই বছরের ১১ জুন কারওয়ান বাজার হোটেল লা-ভিঞ্চি থেকে সোয়া ৩ কেজি কোকেনসহ জুয়ান পাবলো রেফায়েল নামে পেরুর এক নাগরিক এবং ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে মদসহ কামারা কাডে, কোনজি লোভেনিয়া এবং রবার্টো মিলি মনোনো নামে গিনি ও দক্ষিণ আফ্রিকার নাগরিককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ২২ ডিসেম্বর উত্তরা থেকে অবৈধ বিপুল ভিওআইপি সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ৩৭ নাগরিককে গ্রেফতার করে র‌্যাব। এর আগে ১৮ এপ্রিল সাভারে একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পেরুর নাগরিক ব্রিট জে লুডাভিগসেন শাকাতা ও ভারতের স্যাম্পাতকুমারকে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশ প্রতিদিন