শাহরুখ–জয়ার সেলফি
বিনোদন প্রতিবেদক :কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখের সঙ্গে জয়ার পরিচয় করিয়ে দিলেন। কথাবার্তার একপর্যায়ে বাংলাদেশের অসংখ্য শাহরুখভক্তদের উপহার দেওয়ার জন্য শাহরুখের সঙ্গে সেলফি তুলতে চাইলে সানন্দে রাজি হয়ে গেলেন কিং খান। আর এভাবেই একসঙ্গে ক্যামেরাবন্দী হলেন শাহরুখ-জয়া।
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে আট দিনব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি এ আসরের ২০তম আয়োজন। উৎসবের উদ্বোধন করতে বলিউড থেকে আমন্ত্রিত হয়েছিলেন বচ্চন পরিবার ও বলিউড বাদশাহ শাহরুখ খান। এই উৎসবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিলেন জয়া আহসান।
কলকাতা থেকে মুঠোফোনে জয়া আহসান প্রথম আলোকে বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে মঞ্চের পেছনে নিয়ে যান। সেখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও ইরফানসহ অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁরা সবাই বাংলাদেশের খোঁজখবর নেন। শুধু তা-ই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মমতাদি ও শাহরুখ খান তাঁদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্যও আমাকে অনুরোধ করেন। কথাবার্তার একপর্যায়ে আমি শাহরুখকে সেলফি তোলার কথা বলি। তাঁকে বলি, বাংলাদেশে তোমার অনেক ভক্ত রয়েছে, তাঁদের জন্যই আমি তোমার সঙ্গে সেলফি তুলতে চাই। সেও সানন্দে রাজি হলো। পরে আমরা সবাই একসঙ্গে রাতের খাবারও খেয়েছি। সেখানেও বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়।’
জয়া যোগ করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন আমি যেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে অংশ নেওয়াটা মিস না করি। তাঁর সম্মানার্থে না গিয়ে পারিনি।’
২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ৯ নভেম্বর ঢাকা ছাড়েন জয়া আহসান।











