বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক জাহিদ হোসেনের মামলার রায় কাল

fa85053abd1084b4f00b1c739f0e09af-Tribunal-1ডেস্ক রির্পোট :ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক এম এ জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কাল বৃহস্পতিবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বুধবার রায় ঘোষণার এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।

গত ১৭ এপ্রিল এ মামলার কার্যক্রম শেষে ট্রাইব্যুনাল রায় অপেক্ষমাণ (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখেন।

ওই দিন জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলায় চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। তিনি বলেন, একাধিক অভিযোগে সাক্ষীরা বলেন, অপরাধ সংঘটনের সময় জাহিদ হোসেনের সঙ্গে অন্য রাজাকারেরাও সম্পৃক্ত ছিল। কিন্তু এখানে শুধু জাহিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অন্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। মামলার তদন্তে ও আসামি করার ক্ষেত্রে ত্রুটি রয়েছে বলে দাবি করেন তিনি।

গণহত্যার অভিযোগ প্রসঙ্গে ট্রাইব্যুনাল যুক্তি দিতে বললে আবদুস শুকুর বলেন, আসামিপক্ষের প্রধান যুক্তি হচ্ছে, এম এ জাহিদ হোসেন এবং খোকন রাজাকার এক ব্যক্তি নন। সাক্ষীরা তাঁদের বক্তব্যে আসামিকে ‘খোকন রাজাকার’ নামে উল্লেখ করেছেন। এ জন্য তিনি অভিযোগের বিষয়ে আর কোনো যুক্তি দিতে চান না।

এর আগে যুক্তিতে রাষ্ট্রপক্ষ বলে, একাত্তরে নগরকান্দায় ‘খোকন রাজাকার’ নামে জাহিদ হোসেন বেশি পরিচিত ছিলেন।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান দাবি করেন, জাহিদ হোসেনের বিরুদ্ধে গঠিত সব অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ জন্য তিনি জাহিদ হোসেনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

পরে ট্রাইব্যুনাল এ মামলার কার্যক্রম শেষ ঘোষণা করে রায় অপেক্ষমাণ রাখেন।

এ নিয়ে আসামির অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের তৃতীয় মামলার কার্যক্রম শেষ হলো। প্রথমটি হলো জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলা। ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ তাঁর বাড়িতে যাওয়ার আগেই তিনি পালিয়ে যান। তাঁকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতেই বিচার হয়, গত বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। অপর মামলায় পলাতক দুই আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে নিধনের দায়ে গত বছরের ৩ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এ দুজন মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরপরই বিদেশে পালিয়ে যান। মুঈনুদ্দীন যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলে সূত্র জানায়।

মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা জানায়, নগরকান্দা পৌরসভার মেয়র পদে শপথ নেওয়ার পর জাহিদ হোসেন দেশ ছেড়ে পালান। সর্বশেষ তথ্যমতে, তিনি বর্তমানে সুইডেনে আছেন।

১১ অভিযোগ: গত বছরের ৯ অক্টোবর জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল-১। অভিযোগ গঠনের আদেশে বলা হয়, জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার একাত্তরের ২১ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত নগরকান্দায় পাকিস্তানি সেনাদের সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরিত করা, দেশান্তরে বাধ্য করা, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। একাত্তরে ১৬ জন নারী-শিশুসহ ৫০ জন নিরস্ত্র গ্রামবাসীকে গুলি করে হত্যার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ঘরে আগুন দিয়ে তিনজনকে পুড়িয়ে হত্যা, দুজনকে ধর্ষণ, ১৭ জনকে আটক রেখে নির্যাতন, নয়জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১০টি গ্রামের দুটি মন্দিরসহ অসংখ্য বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সন্তানসহ সাতজনকে দেশত্যাগে বাধ্য করা প্রভৃতি।

২০১৩ সালের ১৪ আগস্ট জাহিদকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাঁর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস শুকুর খানকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এর আগে তাঁকে ১০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে তিনি হাজির হননি।

২১ নভেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৪ জন। আসামিপক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারেননি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা