ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবি সহকারীকে সাজা,প্রতিবাদ-বিক্ষোভ
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) ও পিয়নদের অপসারন চেয়ে বিক্ষোভ করেছে আইনজীবি সহকারীরা (মুহুরী)। সোমবার আদালত কক্ষে প্রবেশের দায়ে একজন আইনজীবি সহকারীকে ৩ দিনের সাজা দেয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তার সহকর্মীদের মধ্যে। এরপরই প্রতিবাদ-বিক্ষোভ করে জেলা প্রশাসকের অধীনে পরিচালিত ঐসব আদালতের ষ্টাফদের অপসারন দাবী করেন তারা । পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটেরও অপসারন দাবী করা হয়।
পরে জেলা আইনজীবি সমিতি ও আইনজীবি সহকারী সমিতির নেতাদের সঙ্গে জেলা প্রশাসক বৈঠক করে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। আইনজীবি সহকারী সমিতির নেতারা জানান, দুপুর ৩ টার দিকে আইনজীবি সহকারি হাবিবুল্লাহ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগমের আদালতে ( ১০৭ ধারা কোর্ট) একটি মামলার তারিখ আনতে যান।তখনই ম্যাজিষ্ট্রেট নাজমা বেগমের ‘ওরে হাজতে ডুকাও’ বলে ৩ দিনের সাজার আদেশ দেন। এই খবর ছড়িয়ে পড়লে আইনজীবি সহকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা আদালত এলাকায় প্রতিবাদ বিক্ষোভ শুরু করে। সমাবেশ করে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে ৩ দিনের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম ও জেলা প্রশাসকের অধীনে পরিচালিত দুটি কোর্টের বেঞ্চ সহকারী ও পিয়নদের অপসারন দাবী করেন ।
আইনজীবি সহকারী সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম বলেন-অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম আইনজীবি এবং আইনজীবি সহকারী সকলের সঙ্গেই দূর্ব্যবহার করেন। আইনজীবি সহকারীরা নিয়মিত কোর্টে তারিখ আনতে যান। দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে আইনজীবি সহকারী হাবিবুল্লাহ তারিখ আনতে গেলে তাকে আটক করার নির্দেশ দেন এবং সাজা দিয়ে দেন। ঠিক একই সময়ে আরেকজনকে আটক করা হলেও বেঞ্চ সহকারী মারফত আলী তাকে ছাড়ানোর ব্যবস্থা করেন। কিন্তু হাবিবুল্লাহ আইনজীবি সহকারী একথা জানিয়ে তাকে ছেড়ে দিতে আইনজীবিরা বলার পরও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বলেন তাতে কি হয়েছে। পরে আইনজীবি সমিতির নেতৃবৃন্দ সেখানে গেলে সাজা প্রত্যাহার করে হাবিবুল্লাহকে ছেড়ে দেন । এদিকে এ ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোশাররফ হোসেন জেলা আইনজীবি সমিতির সভাপতি সারোয়ার-ই-আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা,আইনজীবি সহকারী সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে তার কক্ষে ডেকে নেন এবং ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করতে বলেন।
জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা বলেন উত্তেজনার মুহুর্তে জেলা প্রশাসক আমাদের ডেকে পাঠিয়েছিলেন। আমরা তাকে বিভিন্ন বিষয় বলেছি। তিনি ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। এরআগে আমরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট নাজমা বেগমের সঙ্গে দেখা করি।
তিনি আমাদের কাছে সাজা দেননি বলে জানান। আইনজীবি সহকারী সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম বলেন, আমরা জেলা প্রশাসকের কাছে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগমের সকলের সঙ্গে দূর্ব্যবহারের কথা বলেছি। পাশাপাশি তার অধীনে পরিচালিত দুটি কোর্টের বেঞ্চ সহকারী মারফত আলী ও প্রনব এবং পিয়ন আবদুর রহমানের ঘুষ নিয়ে নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তুলে ধরি।তারা দু-জন দীর্ঘদিন ধরে একই জায়গায় দায়িত্ব পালন করছে বলেও জেলা প্রশাসককে জানাই। আমরা তাদের সকলের ৩ দিনের মধ্যে অপসারন দাবী করি।











