,

মেরামতের পরও উত্তরার রাস্তায় গ্যাস বের হওয়া বন্ধ হয়নি

1413390458_thনিজস্ব প্রতিবেদক:উত্তরার বিভিন্ন রাস্তায় গ্যাস লিকেজ বন্ধ হয়নি। তিতাসের পক্ষ থেকে এ পর্যন্ত ৩০ জায়গায় মেরামতের কাজ করা হলেও এখনো গ্যাস বের হচ্ছে। 

গত মঙ্গলবার সরেজমিন উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২, ১৩ এবং ১৬ নম্বর রাস্তা ঘুরে গ্যাস লিকেজের দৃশ্য দেখা যায়। রাস্তার যেসব স্থানে বৃষ্টির কারণে পানি জমে আছে সেখানে পানির মধ্যে বুদবুদ বের হচ্ছে। কোথাও কোথাও সেই বুদবুদ তিন ইঞ্চি পর্যন্ত উপরে উঠে যাচ্ছে। আর যেসব জায়গা শুকনা সেখানে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তের মুখে হাত দিয়ে গ্যাস বের হওয়া অনুভব করা যায়। কোথাও কোথাও গ্যাসের হালকা গন্ধও পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি বুদবুদ বের হচ্ছে ১২ নম্বর সেক্টরের ১৩, ১৪, ১৫ এবং ১৬ নম্বর প্লটের সামনের রাস্তায়। ১৬ নম্বর সেক্টরের ১৩ নম্বর বাড়ির মালিক ডা. হায়দার আলী খান। বাড়ির কেয়ারটেকার আনোয়ার জানান, গত কয়েক বছর ধরেই তাদের বাড়ির পানির পাইপের মধ্য দিয়ে গ্যাস বের হচ্ছিল। পানির মোটর ছাড়া থাকলেও গ্যাস বের হয় আবার বন্ধ থাকলেও গ্যাস বের হয়। গত ঈদের সময় থেকে এর মাত্রা বেড়ে গেছে। তিনি জানান, ঈদের পরদিন অর্থাৎ ৭ ও ৮ অক্টোবর তিতাসের টেকনিশিয়ানরা রাস্তা খুঁড়ে মেরামতের কাজ করেছে। কিন্তু মেরামতের পরও গ্যাস উবে যাওয়া বন্ধ হয়নি। 
১৪ নম্বর বাড়ির তিন তলার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, এই এলাকায় প্রায় ৫০টি ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে। তিতাসের লোকজন কথায় যা কাজে তা নয়। তিতাসের মেরামতের পরও গ্যাস বের হওয়া বন্ধ হয়নি। বাড়ির কেয়ারটেকার আবু সাইদ বলেন, তিতাস অল্প অল্প করে মেরামতের কাজ করছে। তিতাসের পক্ষ থেকে তাদের জানানো হয় যে, পানির চাপে গ্যাসের পাইপ ফেটে গিয়ে এ সমস্যা তৈরি হয়েছে। 
এলাকার অনেকেই জানান, ২০১০ সাল থেকেই এখানে গ্যাস লিকেজের সমস্যা ছিল। তিতাসের স্থানীয় অফিসে বার বার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। এ পর্যন্ত ১৯টি অভিযোগ করা হয়েছে বলে এক বাসিন্দা জানান। মোর্শেদা বেগম জানান, গ্যাসের গন্ধে পানি খাওয়া যায় না। 
১২ নম্বর সেক্টরের ১৩ নম্বর রাস্তায় গিয়ে দেখা মেলে তিতাসের টেকনিশিয়ানের। সেখানে মাটি খুঁড়ে পাইপ মেরামতের কাজ করছেন। সেখানে দায়িত্বে থাকা মো. আলাউদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর ঈদের পরদিন থেকে এ পর্যন্ত ৩০ জায়গায় পাইপ মেরামত করা হয়েছে। আরো কমপক্ষে ১৫ থেকে ২০টি জায়গার পাইপ ঠিক করতে হবে। তিনি জানান, গ্যাসের লাইনের ছয় ইঞ্চি ওপর দিয়ে ওয়াসার পানির পাইপ লাইন স্থাপন করা হয়েছে। এতে গ্যাসের পাইপলাইনের ওপর চাপ পড়েছে। এ কারণে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি ধারণা করেন। 
তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক (অপারেশন) মসিউর রহমান বলেন, আমাদের জনবল কম আছে। তবুও অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে সেখানে মেরামত করা হয়। উত্তরার কয়েকটি জায়গাতে পাইপ ফেটে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। সেগুলো পর্যায়ক্রমে মেরামতের কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা