আইএস দমনে যুক্তরাষ্ট্র কতটা সফল?
আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সাফল্য অনেকটাই নির্ভর করছে সিরিয়া ও ইরাকের রাজনৈতিক পরিস্থিতির ওপর। সিরিয়া ও ইরাকে প্রতিপক্ষ বাহিনী গঠন করে যুক্তরাষ্ট্র আইএসকে দমন করতে চায়। কিন্তু দেশ দুটির রাজনৈতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই। তাই সাফল্য নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এএফপিতে প্রকাশিত খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী নিয়ে গবেষণা ও বিশ্লেষণকারী অলাভজনক প্রতিষ্ঠান র্যান্ড করপোরেশনের জ্যেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী কার্ল মুয়েলার বলেন, আইএস জঙ্গিদের নির্মূলে যুক্তরাষ্ট্রের কৌশল কার্যকর হতে বেশ কয়েক বছর লাগতে পারে। বিশেষত সিরিয়ায় যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ হিসেবে একটি ‘মধ্যপন্থী (মডারেট) প্রভাবশালী বিদ্রোহী বাহিনী’ গঠন করতে চায়। কিন্তু এটি তাদের জন্য একধরনের চ্যালেঞ্জ।
সিরিয়ায় গুরুত্বপূর্ণ শহরের প্রবেশমুখে আইএস
মুয়েলার এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন যতই ঘোষণা দিক না কেন সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করলেও আইএস দমনে দীর্ঘ সময় লাগবে।
আইএসের স্থাপনা লক্ষ্য করে মার্কিন জঙ্গি বিমান থেকে ছোড়া বোমা হামলার নাটকীয় কিছু ছবি দেখা গেলেও প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর সহযোগীরা বারবার বলছেন, যুক্তরাষ্ট্রবাসীকে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। সামান্য কিছু বিমান হামলা রাতারাতি কোনো ফল এনে দেবে না। গত সপ্তাহে এক বক্তব্যে ওবামা বলেন, ‘আমি মনে করি এটি (আইএসবিরোধী যুদ্ধ) একটি প্রজন্মব্যাপী চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর সহযোগীরা আশা করছেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা উন্মত্তভাবে বিকাশমান সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে সুরক্ষাব্যূহ গড়বে। এ ছাড়া বিমান হামলা স্থানীয়দের নিয়ে আইএসবিরোধী বাহিনী গঠনের সুযোগ তৈরি এবং জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে রাজনৈতিক চাপ তৈরিতে রসদ জোগাবে। এ ব্যাপারে ওবামা বলেন, ‘আমাদের সামরিক অভিযান আইএসকে কেবল দমিয়ে রাখতে পারে।’
আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকি সেনা, কুর্দি বাহিনী, শিয়া স্বেচ্ছাসেবী ও সুন্নি গোত্রীয় ‘ন্যাশনাল গার্ড’-এর সমন্বয়ে একটি বাহিনী গঠন করার পরিকল্পনা করেছে। কিন্তু এটি কার্যকর হয়নি।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসি জানান, সিরিয়ায় ওয়াশিংটনের পরিকল্পনা হলো বছরে পাঁচ হাজার বিদ্রোহী সেনা তৈরি করা এবং তাঁদের প্রশিক্ষণ দেওয়া। এসব প্রশিক্ষিত বাহিনীকে আইএসের বিরুদ্ধে কাজে লাগাতেও আরও তিন বছর সময় দরকার।
ইরাকে আইএস দমনে মার্কিন অবস্থান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন সেন্টারের জ্যেষ্ঠ গবেষক মেরিনা অটোওয়ে বলেন, ইরাকে সাফল্য অনেকাংশে নির্ভর করছে নতুন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর। তিনি (আবাদি) এখন পর্যন্ত নাটকীয় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।
অটোওয়ে তাঁর একটি নিবন্ধে লিখেছেন, ‘সুন্নি ও কুর্দিদের স্বার্থ রক্ষায় এখন পর্যন্ত ইরাক সরকার পরিষ্কার কোনো অবস্থান নেয়নি।’











