মামার গরু কেনা
অল্পতেই বিচলিত হওয়া রহমত মামার স্বভাব। বিশেষ করে কোনো অনুষ্ঠান এলে তার ব্যস্ততা এতটাই বেড়ে যায় যেন গ্রহ জয় করে ফেলছেন। আর মাঝে মাঝে এমন সব কাণ্ড করে বসেন, না হেসে পারা যায় না।
কয়েক বছর আগে এক ঈদে গরু কিনতে গিয়ে দামদর সব ঠিক, হঠাৎ রহমত মামা বাদ সাধলেন এ গরু হবে না। কেন? কারণ জানা গেল, সারা শরীর কালো হলেও গরুর গলার নিচে একটু সাদা দাগ আছে। এ নিয়ে তো মহা হুলস্থূল। শেষে কাজেম সাহেব বিষয়টা মিটমাট করে গরু নিয়ে বাসায় ফিরলেন।
এবার কোরবানি ঈদের আগে এই সময়টাতে রহমত মামাকে অত্যন্ত টেনশনমুক্ত দেখে রানা ও রিতু অবাক। না, তিনি তো এমন নন। অন্যান্য বছর ঈদের এক মাস আগে থেকে তার ঘাম ছুটে যায়। কিন্তু এবার তার কোনো সাড়াশব্দ নেই। কৌতূহলে জিজ্ঞেস করল রানামামা, ব্যাপার কী? গরু কিনবে না? আর তো মাত্র কয়েক দিন বাকি। বাবাও এলো না। তাহলে কোরবানি হবে না? মামা গম্ভীর গলায় বলল, ব্যবস্থা হয়ে গেছে। মানে, কই কোথায় চলো তো দেখি। আরে না সময়মতো আসবে, মামা বলল।
ব্যাপারটা ওদের মাথায় ঢুকল না। ভীষণ হতাশ দু’জন। আহারে! এবার বুঝি মামার সাথে হাটে যাওয়া হলো না। সে যাই হোক, মামার শান্ত নীরব ভূমিকায় অস্বস্তিতে ভুগতে শুরু করল ওরা দু’জন।
দুপুরে হঠাৎ মামা তার ঘরে ডেকে পাঠালেন রানা আর রিতুকে। আজকে গরু আসবে। ওরা তো মহাখুশি। রানা বলল, মামা কাপড় চেঞ্জ করে আসি। রিতু বলল, মামা আমিও কিন্তু যাবো। আরে না কোথাও যেতে হবে না। আমার মোবাইল ফোনটা নিয়ে আয়। রানা অবাক হয়ে বলল, মোবাইল কেন? মামা কোনো কথার জবাব না দিয়ে মোবাইল হাতে নিয়ে বাটন চাপতে শুরু করল। অত্যন্ত মনোযোগ দিয়ে ওরা দেখছিল।
একটি নম্বর চেপে মামা আলতো করে লাউডস্পিকার দিয়ে ওদের শোনাতে থাকে। মোবাইলে মিষ্টি কণ্ঠ ভেসে এলোই-গরুর বাজারে আপনাকে স্বাগতম। আপনার কাক্সিক্ষত কোরবানির পশুটি যদি উট হয় তাহলে ১, যদি গরু হয় তাহলে ২, আর যদি খাসি হয় তাহলে ৩ চাপুন। রহমত মামা সহাস্যে ২ চেপে অপেক্ষা করতে থাকেন।
আপনার কাক্সিক্ষত গরুটি যদি ষাঁড় হয় তাহলে ১, যদি বলদ হয় তাহলে ২ চাপুন।
কী রে, তোরা কী চাস? রানা আর রিতুকে জিজ্ঞেস করল মামা। সমস্বরে ওরা বলে উঠল অবশ্যই ষাঁড়। অবশ্য কাজেম সাহেব (রানার বাবা) তাই বলে গেছেন।
ব্যস, মামা ১ চাপতেই আবারো ভেসে এলো সেই কণ্ঠআপনার কাক্সিক্ষত ষাঁড়টির গায়ের রঙ যদি কালো চান তাহলে ১, যদি লাল চান তাহলে ২, যদি ধূসর বা অন্য রঙ চান তাহলে ৩ চাপুন।
মামা ১ চাপলেন। এভাবে চলতেই থাকল। ওদের দু’জনের ধৈর্যের বাঁধ মানছে না। উহু মামা কখন আসবে?
তোরা থাম তো। মামা ফিসফিস করে বলল। এই তো এখন মোবাইল স্ক্রিনে গরুর ছবি ভেসে উঠবে। এর মধ্যে দৌড়ে দৌড়ে বাসার বাইরে গিয়ে দু’বার ফেক্সি করে এসেছে। মামার পকেট ফাঁকা হয়ে গেছে। পাশের রুম থেকে রানার মায়ের কণ্ঠ শোনা গেল কী রে রহমত, গরু কিনতে যাবি না। তোর দুলাভাই তো বারবার জানতে চাচ্ছে তুই হাটে পৌঁছেছিস কি না। এই তো বুবু ব্যবস্থা হয়ে গেল বলে। রানার মা রুমে ঢুকেই দেখল রহমত আলীর হাতে মোবাইল; রানা আর রিতু তাকে ঘিরে কী সব করছে।
আপনি যদি নগদে গরু কিনতে চান তাহলে ১, যদি ক্যাশ কার্ডের মাধ্যমে কিনতে চান তাহলে ২ এবং যদি অন্য কোনো মাধ্যমে কিনতে চান তাহলে ৩ চাপুন।
বুবু, দুলাভাই কি টাকা রেখে গেছে, নাকি ক্যাশ কার্ড? রহমত মামা জিজ্ঞেস করল।
কী বাজে বকছিস! তাড়াতাড়ি ওঠ তো। তোর দুলাভাই হাটে এসে বসে থাকবে। আহা বুবু, এই তো গরু এলো বলে। রহমত মামার সাথে সুর মিলিয়ে রানা-রিতুও মোবাইল দেখিয়ে বলে উঠল হ্যাঁ, মা এখনি চলে আসবে।
রানার মা অবাক। কী রে, তোরা সবাই পাগল হয়ে গেলি। আল্লা গো এ কী হলো, মোবাইলে নাকি গরু আসবে। বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেলেন তিনি।
রহমত মামা প্রচণ্ড উত্তেজনায় ঘামছেন। এবার তিনি এলাকায় দেখিয়ে দেবেন বাজারে না গিয়েও গরু কেনা যায়। এমনি করতে করতে হঠাৎ করে ৩ চেপে বসলেন। ব্যস, মোবাইল কো-কো শুরু করে দিলো। কোনো আওয়াজ নেই। অনেকক্ষণ সবাই চুপচাপ। কী হলো মামা ওরা দু’জন বলল। ঠিক সেই সময় ভেসে এলো
আপনার মোবাইলের ব্যালান্স শেষ হয়ে গেছে। অনুগ্রহপূর্বক রিচার্জ করুন এবং উল্লিখিত অফার পেতে আবারো চেষ্টা করুন। ধন্যবাদ।
মামা মুখ ভার করে উঠে দাঁড়ালেন। সাথে সাথে রানা, রিতুও দাঁড়াল। ঠাণ্ডা গলায় বলল, তোরা থাক আমি গরু নিয়ে আসি।
মামার বেরিয়ে যাওয়ার পথের দিকে রানা-রিতু হতাশ চোখে তাকিয়ে রইল।










