এরশাদকে নির্বাসনে পাঠাতে তৎপর রওশনপন্থিরা!
অতিসম্প্রতি বিরামহীন নাটক, বহিষ্কার, দল থেকে অব্যাহতি আর মান-অভিমানের পর আবার জোড়া লাগছে এরশাদের জাতীয় পার্টি। সে সঙ্গে প্রেসিডিয়াম থেকে অব্যাহতি পাওয়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও দলটির চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে আবারও দলের পুরনো পদ-পদবিসহ দায়িত্ব দেওয়া হতে পারে। তবে বিভিন্ন মহল থেকে নানা চেষ্টা-তদবির করে এবারের মতো রহস্যময় রাজনীতির কথিত প্রবাদপুরুষ হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ভেঙে কয়েক টুকরো হওয়ার হাত থেকে রেহাই পেলেও দলটির নেতাকর্মীদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে। এরশাদের ঘন ঘন সিদ্ধান্ত বদলের কারণে দলটিকে জাতীয় রাজনীতিতে চড়া মাশুল দিতে হয়েছে। জনগণের কাছেও দলটির সমর্থন কমেছে আশঙ্কাজনকভাবে। দেশ বিদেশে লাগামহীন অযৌক্তিক কথা বলে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজে ও তাঁর দল জাতীয় পার্টিকে হাসির পাত্রে পরিণত করেছেন। জানা গেছে, দল পরিচালনায় অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে দলটির নেতাকর্মীরা সব সময়ই থাকেন অনিশ্চয়তার মধ্যে। কারণ এ পর্যন্ত এরশাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, এরশাদ তাঁর দলের ও গঠনতন্ত্রের সিদ্ধান্তের তোয়াক্কা না করে যাঁকে যখন ইচ্ছা দল থেকে বহিষ্কার করছেন কিংবা দলে সংযোজন করছেন। দলে এমনও নেতা আছেন যাঁদের অনেককেই তাঁরা চেনেন না, জানেন না। এতে করে দলের নেতাকর্মীরা এরশাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানতে গিয়ে নিজেদের রাজনৈতিক জীবনে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আর দলের তৃণমূল নেতাকর্মীরা মনে করেনবয়োবৃদ্ধ হওয়ার কারণে এরশাদ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে উল্টোপাল্টা কথা বলছেন। এতে তাঁর ও দলের সীমাহীন ক্ষতি হচ্ছে বলে মনে করেন জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্যরা। সবকিছু বিবেচনায় নিয়ে যে কোনো সময় দলটির সিনিয়র নেতারা এরশাদকে ‘মাইনাস’ করতে একত্রিত হচ্ছেন। এ নিয়ে কয়েক দফা বৈঠকও করেছেন তাঁরা। একটি সূত্র জানিয়েছে, এরশাদকে মাইনাস করতে প্রায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন নানা সময়ে এরশাদের অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নেতাকর্মীরা। শুধু তাই নয়, বর্তমান বিরোধীদলীয় নেতা ও এরশাদপতœী রওশন এরশাদের গিন সিগন্যাল পেলেই এরশাদকে বিশেষ ব্যবস্থায় নির্বাসনে পাঠানো হবে বলে দলটির একাধিক সিনিয়র নেতা ভোরের পাতার এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। আপাতত এরশাদ তাঁর স্ত্রী রওশনকে ম্যানেজ করে জাতীয় পার্টিকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারলেও দলটির সিনিয়র নেতারা আর এরশাদকে বিশ্বাস করতে চাইছেন না। তাঁদের ধারণা, সুযোগ পেলেই বিষধর সাপের মতো এরশাদ আবারও ফণা তুলতে পারেন। আর তাই দলের সংসদ সদস্যদের এক করে এরশাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চান তাঁরা। তবে সবকিছুই করা হবে এরশাদপতœী রওশন এরশাদের অনুমতি নিয়েই। তিনি চূড়ান্ত অনুমোদন দিলেই কেবল এরশাদকে ম্যানেজ করার পরিবর্তে মাইনাস করার উদ্যাগ বাস্তবায়ন করা হবে বলেও জানা গেছে।
এদিকে গত এক সপ্তাহে রওশন এরশাদপন্থি নেতাদের মাইনাস করতে দলটির চেয়ারম্যান হঠাৎ করে সরব হয়েছেন। একসঙ্গে হঠাৎ করে দলের দুই প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা ও চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এরশাদ। এছাড়া রওশন এরশাদ তাঁর দলের উপনেতা বানানোর জন্য দলটির সিনিয়র নেতা কাজী ফিরোজ রশিদের নাম প্রস্তাব করলেও তাতে বাদ সাধেন এরশাদ। শুধু তাই নয়, কাজী ফিরোজ রশিদকে ঢাকা মহানগরীর পদ থেকে অব্যাহতি দেন এরশাদ। আর এতে করেই রওশনপন্থিদের কোণঠাসা করেন এরশাদ। নিজের অস্তিত্ব রক্ষায় দলটির সিনিয়র নেতারা এরশাদকে যেভাবেই হোক শায়েস্তা করতে চান।
এ বিষয়ে দলটির সিনিয়র নেতা মশিউর রহমান রাঙ্গা ভোরের পাতাকে বলেন, ‘আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই জাতীয় পার্টিতে ঘটে যাওয়া সমস্যার সমাধান করা হবে।’ তবে তিনি দলের বিভেদ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।











