গণজাগরণ মঞ্চে সংঘর্ষ
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এক অভূতপূর্ব গণজাগরণের মধ্য দিয়ে গড়ে উঠেছিল গণজাগরণ মঞ্চ। এটা ছিল তরুণ প্রজন্মের আশা-আকাক্সক্ষার মূর্ত প্রকাশ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রত্যক্ষ সহযোগী হিসেবে যারা নিরীহ নিরস্ত্র মানুষ হত্যায় অংশ নেয়, তাদের বিচারের দাবি দীর্ঘদিনের। এদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা শহীদ রুমীর জননী দেশের প্রখ্যাত লেখক জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে উঠেছিল দলমত নির্বিশেষ মানুষের অংশগ্রহণে একাত্তরের ঘাতক দালালদের বিচারের আন্দোলন। সেই আন্দোলনে গঠিত গণআদালতে এক প্রতীকী বিচারে যুদ্ধাপরাধের জন্য দায়ী ঘাতক দালালদের ফাঁসির রায় ঘোষণা করা হয়। গণআদালত সেই রায় কার্যকর করার আহ্বান জানায় রাষ্ট্রকে। কিন্তু তাতে রাষ্ট্রের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। উল্টো দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত হন গণআদালত সংশ্লিষ্টরা। গণআদালতের সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় এলে গঠিত হয় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধীদের আটক, তদন্ত ও বিচারিক কার্যক্রম সম্পন্ন করে বিভিন্ন আসামির দণ্ড ঘোষণা করে। যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডকে গুরুপাপের লঘুদণ্ড বলে অনুভূত হয় দেশের তরুণ প্রজন্মের কাছে। ফলে তারা মাঠে নেমে আসে কারও আহ্বানের অপেক্ষা ছাড়াই। তারা যুদ্ধাপরাধী ঘাতকদের ফাঁসির দাবিতে স্বতঃস্ফূর্ত প্রতিবাদী অবস্থানে মুখর হয়ে ওঠে। মুখর হয়ে ওঠে সমগ্র দেশ। এই আবেগপ্রবণ তরুণ প্রজন্মই গড়ে তোলে গণজাগরণ মঞ্চ। মূলত একাত্তরের ঘাতকদের গুরুপাপে লঘুদণ্ডের বিরুদ্ধে প্রেসার গ্র“প হিসেবেই গণজাগরণ মঞ্চের আবির্ভাব।
গণজাগরণ মঞ্চে রাজনীতি ছিল না। পরে এতে রাজনীতি অনুপ্রবেশ করায় ত্রিধাবিভক্ত হয়ে গণজাগরণ মঞ্চ পরস্পরবিরোধী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। মঞ্চে রাজনীতির অনুপ্রবেশ এবং আত্মঘাতী এই সংঘর্ষে দেশের মুক্তবুদ্ধির পক্ষের মানুষ গভীরভাবে মর্মাহত। মঞ্চের নামে যারা এসব কর্মকাণ্ড করছেন, তাদের সরে দাঁড়ানো উচিত। শুরু থেকে এই মঞ্চ অহিংস প্রতিবাদী অবস্থান নিয়েছিল। একে সেই অহিংস প্রতিবাদী অবস্থানে থেকেই রাজাকার, আলবদর, আলশামস তথা গণবিরোধী সব অশুভ ও অকল্যাণকর অপশক্তির বিরুদ্ধে শুভশক্তি হিসেবে কার্যকর থাকতে দিন। গণজাগরণ মঞ্চকে প্রশ্নবিদ্ধ ও কলুষিত করবেন না। গণজাগরণ মঞ্চের মুখপাত্র সেজে এই মঞ্চের সর্বনাশের কারণ হিসেবে যারা তৎপর, তাদের রুখে দিন। গণজাগরণ মঞ্চের অহিংস-প্রতিবাদী অবস্থান সংহত করুন- সবার কাছে এটাই আমাদের আবেদন।











