মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বার্সা-বায়ার্নের ঘাম ঝরানো জয়

bef99b4326dc05f30c85118229d7f0de-Untitled-4মেসি ছিলেন। ছিলেন নেইমারও। দুজনের কেউই গোল পেলেন না। গোল করলেন জেরার্ড পিকে! নিজেদের মাঠে স্প্যানিশ ডিফেন্ডারের এই গোলে জিতেই সন্তুষ্ট থাকতে হলো বার্সেলোনাকে। জয়টা শুধু সন্তুষ্টিরই তো নয়, স্বস্তিরও।
চ্যাম্পিয়নস লিগে পরশু বার্সেলোনার প্রতিপক্ষ ছিল সাইপ্রাসের দল অ্যাপোয়েল নিকোশিয়া। বাছাইপর্ব পেরিয়ে এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগের মূল পর্ব খেলছে অ্যাপোয়েল, উয়েফার ক্লাব র্যাঙ্কিংয়ে যারা পঞ্চাশের বাইরে। এমন দলের বিপক্ষে চারবারের শিরোপাজয়ীদের ন্যূনতম ব্যবধানের জয়ে সমর্থক মন কি স্বস্তি পাচ্ছে? সামনের ম্যাচগুলোয় তাহলে কী হবে?
অবশ্য বার্সেলোনার মতো একই ব্যবধানে জিতেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও। তবে পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ ছিল ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। একের পর এক আক্রমণ করেও সিটির গোলরক্ষক জো হার্টের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয়েছেন মুলার-লেভানডফস্কিরা। শেষ পর্যন্ত পারেননি হার্ট। ৯০ মিনিটে জেরোম বোয়াটেংয়ের গোলে মিউনিখ থেকে হার নিয়েই ফিরতে হয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দলকে।
দুই সাবেক চ্যাম্পিয়ন ন্যূনতম ব্যবধানে জিতলেও গোলের বন্যা বয়ে গেছে রোমা-সিএসকেএ মস্কো আর পোর্তো-বাতে বরিসভের ম্যাচ দুটিতে। রোমের অলিম্পিক স্টেডিয়ামে মস্কোকে ৫-১ গোলে হারিয়েছে স্বাগতিকেরা। আলজেরিয়ান ফরোয়ার্ড ইয়াসিন ব্রাহিমির হ্যাটট্রিকে নিজের মাঠে পোর্তো ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বরিসভকে।
ন্যু ক্যাম্পে মেসি-নেইমারের বার্সেলোনা। স্বাভাবিকভাবেই অ্যাপোয়েল ছিল খুব রক্ষণাত্মক। বেশির ভাগ সময়েই বার্সার পায়ে বল থাকলেও মেসি-নেইমার যুগলবন্দী বারবার বাধা পেয়েছে অ্যাপোয়েলের রক্ষণে। সে জন্য অবশ্য ম্যাচ শেষে প্রতিপক্ষকে কৃতিত্বই দিয়েছেন বার্সা মিডফিল্ডার জাভি, ‘এই ম্যাচে আমরা কিন্তু একটু ভুগেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা খুব দ্রুত এদিক-ওদিক পাস বাড়িয়ে খেলার চেষ্টা করেছি। কিন্তু ওরাও রক্ষণে খুবই ভালো করেছে। শেষ পর্যন্ত এটা ঘাম ঝরানো জয়, তবে গ্রুপের প্রথম ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শুরু করাটা সব সময়ই ভালো।’
বায়ার্নের বিপক্ষে পুরো ম্যাচে দারুণ কয়েকটা সেভ করলেও একেবারে শেষ মুহূর্তে গোল হওয়ায় হতাশ জো হার্ট। তবে এ জন্য ভাগ্যকেই দুষেছেন সিটি গোলরক্ষক, ‘জেরোমের শটটা দিক বদলে ফেলেছিল। যদি মারিওর (গোটশে) গায়ে না লেগে সরাসরি আসত তাহলে আমি ওটাও ফিরিয়ে দিতাম। কিন্তু এটাই ফুটবল।’ জিতলেও প্রতিপক্ষকে প্রাপ্য প্রশংসাতেই ভাসিয়েছেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলা, ‘আমি পেলেগ্রিনিকে (সিটি কোচ) খুব ভালো করে চিনি। ওর রক্ষণভাগ প্রায় নিখুঁত। আমার বিনীত মত হচ্ছে, যে ছয়-সাতটি দল এবার চ্যাম্পিয়নস লিগ জিততে পারে সিটি তাদের একটি।’
ব্যবধান যা-ই হোক, শেষ পর্যন্ত বার্সেলোনার মতো জয়েই স্বস্তি বায়ার্ন মিউনিখের। কিন্তু একই দিনে শালকের সঙ্গে ১-১ ড্র করে পয়েন্ট হারানোয় সেটাও পাচ্ছে না আরেক সাবেক চ্যাম্পিয়ন চেলসি। প্রিমিয়ার লিগে গোলমেশিন হয়ে ওঠা চেলসি স্ট্রাইকার ডিয়েগো কস্তা চোটের কারণে এদিন একাদশে ছিলেন না। শেষ দিকে মিনিট পনেরোর জন্য বদলি নেমেও কোনো ব্যবধান গড়তে পারেননি। তাঁর জায়গায় খেলা দিদিয়ের দ্রগবা দ্বিতীয়ার্ধে কয়েক ইঞ্চির জন্য একটা সুযোগ নষ্ট করেছেন। তবে এটাকে ভাগ্য বলেই মেনে নিয়েছেন চেলসি কোচ হোসে মরিনহো, ‘আমরা ম্যাচটা জিততে পারতাম, কিন্তু ১ পয়েন্ট নিয়ে শেষ করেছি। এটা প্রত্যাশিত ফল নয়, কিন্তু আমার কোনো অভিযোগও নেই। দ্রগবা অল্পের জন্য একটা সুযোগ নষ্ট করেছে। কিন্তু সেটা নিয়ে সে কান্নাকাটি করছে না।’ এএফপি, রয়টার্স।

এ জাতীয় আরও খবর

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি

হকারদের শৃঙ্খলায় আনতে লাইসেন্স ব্যবস্থা চালু হবে: ডিএসসিসি প্রশাসক

‘ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির

‘আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে’

প্রস্তুতি ম্যাচে সাইফের সেঞ্চুরি, ৪ ‍উইকেট তাসকিনের

মহাখালীতে তীব্র যানজট, ঘণ্টা পার হলেও নড়ছে না গাড়ি

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে

শিশুর হঠাৎ জ্বর? জেনে নিন কী করবেন