ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২
আমাদের ব্রাহ্মণবাড়িয়া সেপ্টেম্বর ১১, ২০১৪
রাজধানীর কারওয়ান বাজারে রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে দুজনে পৌঁছেছে। এর মধ্যে দুর্ঘটনাস্থলে একজন ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক নারী নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন সেখানে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী নাসিমা আক্তারের ভাষ্য, দুর্ঘটনাস্থলে ১০ থেকে ১১ জন মানুষ হাত-পা কাটা অবস্থায় পড়েছিলেন। এর মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন। জায়গাটি ছিল ছোপ ছোপ রক্তে ভরা। ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রেলক্রসিংয়ের গেটম্যান আবু আহমেদ বলেন, রেলক্রসিং থেকে পশ্চিমদিকে মাছ বাজারের পেছনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা আন্তনগর ট্রেনটি কমলাপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে পাশের লাইন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলি আন্তনগর ট্রেনটিও যায়। এ সময় রেললাইনের ওপর বাজার বসায় সেখানে মানুষের ভিড় ছিল। ট্রেনে কাটা পড়ে বেশ কয়েকজন হতাহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ১০ থেকে ১১ জন আহত হয়েছেন বলে তাঁরা জানান।
তাঁরা বলেন, রেললাইনের ওপর প্রতিদিনই বাজার বসে। সেখানে অনেকে বাজার করতে গিয়েছিলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। গুরুতর আহত আটজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ব্যক্তিদের মধ্যে একজন নারী মারা গেছেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর ওই এলাকায় আবার ট্রেন আসা-যাওয়া শুরু হয়েছে।