এশিয়ান গেমসে টিম হিসেবে খেলব আমরা -মামুনুল ইসলাম
গেমসকে সামনে রেখে ৩৬ দিন অনুশীলন করেছি। কোচের কৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করেছি। কঠিন গ্রুপে আমাদের খেলতে হচ্ছে। লক্ষ্য থাকবে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া।উজবেকিস্তান, আফগানিস্তান আর হংকং থাকায় এশিয়ান গেমসে বাংলাদেশের গ্রুপটা একটু কঠিনই বলতে হবে। তাই হয়তো রোববার দেশ ছাড়ার আগে তেমন ইতিবাচক কোনো প্রতিশ্রুতি দিতে চাইলেন না দলীয় অধিনায়ক মামুনুল ইসলাম। জানালেন, একটি দল হিসেবে ভালো খেলাই তাদের লক্ষ্য। পরে মামুনুল অবশ্য জানালেন, নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করতে চান। এ সময় তিনি বলেন, 'এশিয়ান গেমসে একটি টিম হিসেবে খেলব আমরা।
গেমসকে সামনে রেখে ৩৬ দিন অনুশীলন করেছি। কোচের কৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করেছি। কঠিন গ্রুপে আমাদের খেলতে হচ্ছে। লক্ষ্য থাকবে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া।' বাংলাদেশ ফুটবল দলের ধারাবাহিকতার অভাবটা নতুন নয়। কঠিন গ্রুপে পড়লেও এবার তা থেকে বেরিয়ে আসতে চান মামুনুল, 'গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি, বড় দল বলে কোনোকিছু ছিল না। সবাই ভালো খেলেছে। তাই আমাদের গ্রুপে কে কতটা শক্তিশালী, এই বিচারে যাব না।
আমাদের ধারাবাহিকতার বড়ই অভাব। এই আসরে ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।' এশিয়ান গেমসকে সামনে রেখে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলেছেন মামুনুলরা। ওই ম্যাচগুলো টুর্নামেন্টে বেশ কাজে দেবে বলেই মনে করেন বাংলাদেশের অধিনায়ক, 'এশিয়ান গেমসে ভালো করার জন্য আমরা নেপাল ফুটবল দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলেছি। এছাড়া স্থানীয় সেনাবাহিনী এবং পুলিশ দলের বিপক্ষেও অনুশীলন ম্যাচ খেলেছি। বিশেষ করে নেপাল দলের বিপক্ষে ঢাকা ও সিলেটের ম্যাচগুলো আমাদের অভিজ্ঞতা বাড়িয়েছে।' তবে দেশ ত্যাগের আগে বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি বলেছেন, পয়েন্ট সংগ্রহ করাই দলের লক্ষ্য।
রোববার দুপুরে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডি ক্রুইফ বলেন, 'আমাদের ৫ সপ্তাহের অনুশীলন ভালো হয়েছে। এশিয়ান গেমসে আমাদের গ্রুপটা কঠিন। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তবে আমরা কিছু অর্জন করতে যাচ্ছি। এখনই আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাইছি না।' তিনি আরো বলেন, 'আমার প্রথম টার্গেট থাকবে ৯০ মিনিট ছেলেরা নিজেদের সেরা খেলাটা খেলবে। পরবর্তী লক্ষ্য পয়েন্ট সংগ্রহ করা।' দলীয় ম্যানেজার এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু দলের ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, 'আমরা সিঙ্গাপুর হয়ে কোরিয়ায় যাচ্ছি। অনুশীলনে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। ভালো কিছু করে দেশের জন্য সুনাম বয়ে আনার চেষ্টাই থাকবে আমাদের। আশা করি ভালো একটা রেজাল্ট দেশবাসীকে উপহার দেবে ফুটবলাররা।' দক্ষিণ কোরিয়ার ইনচনে আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে ১৭তম এশিয়ান গেমসের। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা উদ্বোধনের আগে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে ফুটবলের গ্রুপ পর্বের খেলা। আসরে অংশ নিতে রোববার রাত ১১টা ৫৫ মিনিটে কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। গেমসে আগামী ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান এবং ২২ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে মামুনুল বাহিনী।











