আরও এক মার্কিন সাংবাদিককে হত্যা
আরও একজন মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)। এর পরই বৃটিশ এক সাহায্যকর্মী ডেভিড ক্যাথোর্নে হাইনেসকে হত্যার হুমকি দিয়েছে তারা। সাংবাদিক সটলফকে হত্যার ভিডিও প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। এ হত্যাকাণ্ডে ভীত না হয়ে আইএসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, যদি ভিডিওর বিশ্বাসযোগ্যতা যাচাই করা যায়, তাহলে এটি একটি ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড। তিনি সটলফের পরিবারের প্রতি সমবেদনাও জানান। এদিকে গতকালের মন্ত্রিসভার ব্রিফিং রুমের সভায় সভাপতিত্ব করার কথা তার। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা বৃটিশ জনগণকে সুরক্ষিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমাদের দেশ ও মানুষকে সেসব বর্বর সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করতে আমরা সাধ্যের সবটুকু করবো। আইএস সন্ত্রাসীরা কোন ধর্মের কথা বলে না। তারা সিরিয়ান, ইরাকি, আমেরিকান ও বৃটিশ মানুষকে হত্যার হুমকি দেয়। মুসলিম, খৃস্টান বা অন্য কোন ধর্মীয় বিশ্বাসীকেও তারা ছাড় দেয়নি। এদিকে জানা গেছে, ক্যাথোর্নে হাইনেস ২০১৩ সালে সিরিয়ায় অপহৃত হওয়া সাবেক বৃটিশ সৈনিক। এর আগে তিনি দক্ষিণ সুদানের শান্তিরক্ষী বাহিনীতে ৬ মাস কাজ করেছেন। অপহরণ হওয়ার সময়ও তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ‘আমেরিকার প্রতি দ্বিতীয় বার্তা’- এমন শিরোনামে আইএস এক ভিডিওবার্তা প্রকাশ করে। সেখানে তারা বৃটেন ও অন্যান্য সরকারকে আমেরিকার ‘শয়তানি শক্তি’র সঙ্গে হাত মিলিয়ে আইএস’-এর বিরুদ্ধে না যেতে সতর্ক করেছে। এদিকে মার্কিন সাংবাদিক জেমস ফোলের পর প্রায় একই কায়দায় সটলফকে হত্যা করার ভিডিও প্রকাশ করে আইএস। সেখানে ছুরি হাতে বৃটিশ উচ্চারণের একজন তরুণ কালো কাপড়ে নিজের মুখ বেঁধে রাখে। জেমস ফোলে’কেও শিরশ্ছেদ করে এক বৃটিশ জঙ্গি। সটলফকে হত্যার আগে তাকে একটি বিবৃতি পড়তে বলা হয়। সেখানে লিখে রাখা বিবৃতি পাঠ করেন সটলফ। তিনি বলেন, ওবামা, ইরাকে আপনার হস্তক্ষেপের পররাষ্ট্রনীতি আমেরিকান জনগণ ও স্বার্থ সংরক্ষণের জন্য বলে দাবি করা হয়েছিল। তাহলে এটা কি? আপনার হস্তক্ষেপের মূল্য আমি কেন আমার জীবন দিয়ে চুকাচ্ছি? এরপর ভিডিওতে দেখা যায়, তার শিরশ্ছেদকারী ইরাকে মার্কিন বিমান হামলার প্রতিবাদ জানায়। বারাক ওবামাকে হুমকি দিয়ে বলে, আপনি আমাদের জনগণের ওপর বিমান হামলা অব্যাহত রেখেছেন, আমরাও আপনাদের জনগণের গলার ওপর হামলা অব্যাহত রাখবো। এদিকে এ ভিডিও প্রকাশের কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পসাকি বলেছেন, যদি এ ভিডিওটি সত্যি হয়, তাহলে আমরা এই বর্বর হত্যাকাণ্ডে অসুস্থ বোধ করছি। এর পর তিনি সটলফের পরিবারের প্রতি সমবেদনা জানান।











