রোজা মুমিনদের জন্য ঢালস্বরূপ
ইয়া-আইয়ুহাল্লাযিনা আ-মানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ইমানদারগণ তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যাতে তোমরা মুত্তাকি হতে পার। (সূরা বাকারা-১৮৩) এ আয়াতের মাধ্যমে আল্লাহতায়ালা আমাদের ওপর রোজাকে ফরজ করেছেন। আল্লাহ পাক তাঁর পবিত্র কোরআন শরিফে ইরশাদ করেন, 'রামাদান এমন এক মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা গোটা মানব জাতির জন্য হেদায়াত, সুস্পষ্ট প্রমাণ ও পার্থক্য নিরূপণকারী।' রমজান মাস কোরআন মাজিদ নাজিল হওয়ার মাস, কারণ কোরআন শরিফ সর্বপ্রথম এ মাসেই নাজিল হওয়া শুরু হয়। হাদিস শরিফ থেকে আরও জানা যায়, সব আসমানি কিতাব রমজান মাসেই নাজিল হয়। এ থেকে প্রমাণিত হয়, আল্লাহতায়ালা রমজান মাসকে মানব জাতির হেদায়াতের জন্য বিশেষভাবে বাছাই করেছেন। রমজান মাসের এত গুরুত্ব ও ফজিলত একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার বুঝতে পারি। যদি একই কাঠ দিয়ে যে কোনো জিনিস বানানো হয় ও কোরআনের রেহাল তৈরি করি তাহলে আমরা দেখতে পাই, কোরআনের রেহালকে আমরা অনেক সম্মান করি, বুকে জড়িয়ে ধরি, চুমু খাই। এই রেহাল এখন সাধারণ কাঠ নাই, সেটি কোরআনের সংস্পর্শ পেয়ে এই কাঠের মান অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমনি রমজান মাসে কোরআন নাজিল হওয়ায় এর মান অন্যান্য মাসের তুলনায় অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। রসুল (সা.) শাবান মাসের শেষ দিন জুমার খুতবায় ঘোষণা করেছেন, হে মানব জাতি তোমাদের কাছে মহান বরকতময় মাস এসেছে। যে মাসে এমন এক রাত রয়েছে যা হাজার রাতের চাইতে উত্তম। এ মাসে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন এবং রাতে জাগরণ (তারাবিহ) সুন্নাত ঘোষণা করেছেন। যে ব্যক্তি এ মাসে কোনো নেক আমল (নফল) দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করল, সে মর্যাদার ক্ষেত্রে ওই ব্যক্তির ন্যায় যে অন্য সময়ে কোনো ফরজ আদায় করল, আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করল অন্য সময় সে যেন ৭০টি ফরজ আদায় করল। এ মাস সংযমের মাস এবং সংযমের পুরস্কার হলো বেহেশত। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তার (সগিরা) গুনাহ ক্ষমা করা হবে এবং দোজখের আগুন থেকে মুক্তি পাবে। আর সে ওই রোজাদার ব্যক্তির রোজার সমপরিমাণ সওয়াবপ্রাপ্ত হবে কিন্তু রোজাদার ব্যক্তির প্রাপ্ত সওয়াবের কোনো লাঘব হবে না। রমজান এমন মাস যার প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত এবং তৃতীয় অংশে দোজখ হতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এ মাসে আপন গোলাম/শ্রমিকের কাজের বোঝা হালকা করে দেয়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন এবং দোযখের আগুন থেকে নাজাত দান করবেন (রায়হাকি)। যে লোক একদিন আল্লাহর জন্য রোজা রাখবে আল্লাহ তার মুখমণ্ডল জাহান্নাম থেকে ৭০ বছর দূরে রাখবে।
গুনাহ থেকে আত্দরক্ষার জন্য রোজা ঢালস্বরূপ। সুতরাং রোজাদার অশ্লীল কথা বলবে না বা জাহেলি আচরণ করবে না। কোনো লোক তার সঙ্গে ঝগড়া করতে উদ্যত হলে অথবা গালমন্দ করলে সে বলবে, আমি একজন রোজাদার (বুখারি)। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রসুল (সা.) বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আগমন করে তখন শয়তান ও অবাধ্য জিনগুলোকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। দোজখের দরজাসমূহ বন্ধ করা হয়, তার কোনো দরজাই খোলা হয় না এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, তার কোনোটাই বন্ধ থাকে না। আল্লাহতায়ালা আমাদের সবাইকে রমজান মাসের গুরুত্ব ও এর ফজিলত বোঝা ও মানার তৌফিক দান করুন। (আমিন)।-সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন











