ওয়াই-ফাই ইন্টারনেট পাচ্ছে বুয়েট ও চবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা চলতি এপ্রিল মাস থেকে ওয়াই-ফাই ইন্টারনেটের আওতায় আসছে। তবে বুয়েট ক্যাম্পাসে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এ ওয়াই-ফাই সুবিধা চালু হয়েছে। বেইস টেকনোলজিসের সহযোগিতায় বুয়েট ক্যাম্পাসের প্রতিটি হলে ইন্টারনেট সেবা দেবে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)। আর বিশ্বব্যাংকের সহযোগিতায় চবিতে একই সেবা দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বেইস টেকনোলজিস ৩২টি এপির মাধ্যমে তারবিহীন ইন্টারনেট সেবা বুয়েটের সব আবাসিক হলে পৌঁছে দেওয়ার কাজ করছে। ওয়াই-ফাই কভারেজের জন্য বিশ্বখ্যাত আরুবা নেটওয়ার্ক ও সুইচের জন্য ইডিজিই কোর পিওই ব্যবহার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মাঠপর্যায়ে সাইট সার্ভে, কভারেজ প্ল্যান বা রেডিও ফ্রিকোয়েন্সি প্ল্যান, হার্ডওয়্যার ইনস্টলেশন ও সফটওয়্যার ইনস্টলেশন করা হয়েছে। এখন ইন্টারনেট সেবা পরীক্ষা-নিরীক্ষা ও কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের পর চলতি মাসে সফট লঞ্চিং করা হবে। এ ব্যাপারে বুয়েটের আইআইসিটি পরিচালক ড. মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে তিতুমীর হলে পরীক্ষামূলক ওয়াই-ফাই ইন্টারনেট চালু করা হয়েছে। এটির সফল বাস্তবায়ন হলে শীঘ্রই সব হলে ওয়াই-ফাই পৌঁছে দিতে সক্ষম হব।
এসএ











