শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৯ ডিসেম্বর বিরোধী জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’

  • জেলা ও উপজেলায় সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা কমিটি গঠনের আহ্বান
  • বাধা এলে কঠোর কর্মসূচি

ডেস্ক : আগামী ২৯ ডিসেম্বর রোববার ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি দিয়েছে বিরোধীজোট। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিরোধী জোটের নেতা বেগম খালেদা জিয়া।index

বেগম জিয়া বলেন, জাতীয় পতাকা হাতে নিয়ে সারাদেশ থেকে দলমত নির্বিশেষে ঢাকা অভিমুখে যাত্রা করুন। প্রহসনের নির্বাচনকে ‘না’ এবং গণতন্ত্রকে ‘হ্যা’ বলুন। ঐ দিন রাজধানীর ঢাকাবাসীকেও রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ জমায়েত হবে।

৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে প্রতিটি জেলা ও উপজেলায় সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান খালেদা জিয়া। ভোটকেন্দ্রভিত্তিক প্রহসনের নির্বাচন প্রতিহত কমিটি গঠন করারও আহ্বান জানান।

এ শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারকে বাধা না দেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাধা দিলে পরিণতি ভালো হবে না।

খালেদা জিয়া বলেন, চলমান আন্দোলনকে আরো বিস্তৃত, ব্যাপক ও পরবর্তী ধাপে উন্নীত করার লক্ষ্যে আমি আগামী ২৯ ডিসেম্বর রোজ রোববার সারা দেশ থেকে দলমত, শ্রেণী-পেশা, ধর্মবর্ণ নির্বিশেষে সক্ষম নাগরিকদেরকে রাজধানী ঢাকা অভিমুখে অভিযাত্রা করার আহবান জানাচ্ছি। এই অভিযাত্রা হবে নির্বাচনী প্রহসনকে ‘না’ বলতে, গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলতে উল্লেখ করে তিনি বলেন, এই অভিযাত্রা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অর্থবহ নির্বাচনের দাবিতে। এই অভিযাত্রা হবে শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে। এই অভিযাত্রা হবে ঐতিহাসিক। আমরা এই অভিযাত্রার নাম দিয়েছি: ‘মার্চ ফর ডেমোক্রেসি’, গণতন্ত্রের অভিযাত্রা।

আমার আহবান, বিজয়ের মাসে লাল-সবুজের জাতীয় পতাকা হাতে সকলেই ঢাকায় আসুন। ঢাকায় এসে সকলে পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলিত হবেন। আমার আহ্বান এই অভিযাত্রায় ব্যবসায়ীরা আসুন, সিভিল সমাজ আসুন, ছাত্র-যুবকেরাও দলে দলে যোগ দাও।তিনি আরও বলেন, মা-বোনেরা আসুন, কৃষক-শ্রমিক ভাই-বোনেরা আসুন, কর্মজীবী-পেশাজীবীরা আসুন, আলেমরা আসুন, সব ধর্মের নাগরিকেরা আসুন, পাহাড়ের মানুষেরাও আসুন। যে যেভাবে পারেন, বাসে, ট্রেনে, লঞ্চে, অন্যান্য যানবাহনে করে ঢাকায় আসুন। রাজধানী অভিমুখী জনস্রোতে শামিল হোন।

একই সঙ্গে যারা রাজধানীতে আছেন, তাদের প্রতিও আমার আহ্বান, আপনারাও সেদিন পথে নামুন। যারা গণতন্ত্র চান, ভোটাধিকার রক্ষা করতে চান, যারা শান্তি চান, যারা গত পাঁচ বছরে নানাভাবে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, শেয়ারবাজারে ফতুর হয়েছেন সকলেই পথে নামুন।

জনতার এ অভিযাত্রায় কোনো বাঁধা না দেয়ার জন্য সরকারকে আহবান জানিয়ে তিনি বলেন, যানবাহন, হোটেল-রেস্তোরাঁ বন্ধ করবেন না। নির্যাতন, গ্রেফতার, হয়রানির অপচেষ্টা করবেন না। প্রজাতন্ত্রের সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমবেত হবার অধিকার দিয়েছে। সেই সংবিধান রক্ষার শপথ আপনারা নিয়েছেন। কাজেই সংবিধান ও শপথ লঙ্ঘণ করবেন না।

শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাঁধা এলে জনগণ তা মোকাবিলা করবে। পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

একইভাবে গণতন্ত্রের এই সংগ্রামে সংখ্যালঘু ধর্মাবলম্বী, সম্প্রদায় ও জাতিগোষ্ঠির মানুষদের যুক্ত করার পাশাপাশি তাদের জান-মালের নিরাপত্তা লংঘণের সরকারি ষড়যন্ত্র সম্পর্কে সর্বোচ্চ সতর্কতাসহ সজাগ থাকারও আহবান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি