তথ্যপ্রযুক্তি আইনের মামলায় এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন
আমাদের ব্রাহ্মণবাড়িয়া October 20, 2014
আদালত প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক অভিযোগ গঠন করে আগামী ২৩ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এ সময় আদালতে এম কে আনোয়ার উপস্থিত ছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।
গত বছরের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ প্রসঙ্গে পরদিন ৬ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এম কে আনোয়ার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বায়তুল মোকাররমে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে ওই দিন দোকানপাট লুট করা হয়েছে। পবিত্র কোরআন শরিফসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে আগুন দেওয়া হয়েছে। পরদিন গণমাধ্যমে তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস বাদী হয়ে মানহানি ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে ৭ মে তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন।