‘সন্ত্রাসীদের’ সঙ্গে সংলাপ নয় : আসাদ
সিরিয়ার সব বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী’ অ্যাখ্যা দিয়ে তাদের সঙ্গে কোনো রকম আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ফলে পরস্পরবিরোধী অবস্থানে থাকা বিশ্বের অন্যতম দুই শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আগ্রহ সত্ত্বেও আগামী জানুয়ারির মধ্যে সিরিয়ায় শান্তি আলোচনা শুরুর ব্যাপারটি মুখ থুবড়ে পড়েছে।
মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আসাদ সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের রূপরেখা তৈরি করে বিশ্বের ১৭টি দেশ। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়াও ছিল। অস্ট্রিয়ার ভিয়েনায় গত ৩০ অক্টোবর গৃহীত ওই রূপরেখা অনুসারে আসাদ সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে একমত হয় সিরিয়ার বিরোধীদলীয় রাজনীতিক ও বিদ্রোহী সংগঠনগুলো। সৌদি আরবের রাজধানী রিয়াদে গত বৃহস্পতিবার এ ব্যাপারে তাদের মধ্যে চুক্তি হয়।
প্রেসিডেন্ট আসাদ অবশ্য স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের চাওয়া অনুসারে তিনি ‘সন্ত্রাসী সংগঠনগুলোর’ সঙ্গে আলোচনায় বসবেন না। গত শুক্রবার স্পেনের ইএফই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র ও সৌদি আরব) চায় সিরীয় সরকার সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসুক। কোনো দেশের জনগণই এ রকম কোনো কিছু মেনে নেবে বলে আমার মনে হয় না।’
তাঁর বক্তব্য, ‘নিউ ইয়র্ক হোক কিংবা অন্য কোনো জায়গায়, সন্ত্রাসী সংগঠনগুলোকে চিহ্নিত না করে আলোচনার কোনো মানে নেই।’ সৌদি আরবে সিরীয় বিদ্রোহীদের বৈঠকের পর এটাই আসাদের প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। ইএফইকে দেওয়া ওই সাক্ষাত্কার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানায় প্রকাশিত হয়।
বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসবেন কি না, এমন প্রশ্নের জবাবে আসাদ জানান, ‘নিজেদের কৌশলে পরিবর্তন এনে তারা যদি অস্ত্র ত্যাগ করে, তাহলে একটা রাজনৈতিক গোষ্ঠী বিবেচনায় তাদের সঙ্গে আলোচনায় বসতে আমরা প্রস্তুত।’ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে বর্তমানে সরকারি বাহিনীর অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেনাবাহিনীর অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে।’ ‘চড়া মূল্যের’ পেছনের কারণ হিসেবে তিনি দাবি করেন, বিদেশি সহায়তা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে টিকে থাকতে সাহায্য করছে।
প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে কিছু ভাবছেন কি না, এমন জিজ্ঞাসায় আলাদা আলাদা উত্তর দেন আসাদ। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি সিরিয়ার জনতার ওপরই ছেড়ে দেন। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ সিরিয়ার সিদ্ধান্তে আমার সমর্থন আছে।’ দেশত্যাগ প্রসঙ্গে আসাদের উত্তর, ‘যাই ঘটুক না কেন, কোনো পরিস্থিতিতেই আমি দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। এ ধরনের কোনো চিন্তাই আমি আমার মনে ঠাঁই দেইনি।’
দুই বছর আগে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠাবিষয়ক সম্মেলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এবারও আসাদের অনড় অবস্থানের কারণে শান্তি আলোচনার ব্যাপারে অগ্রগতির কোনো আশা দেখতে পাচ্ছেন না বিশ্লেষকরা। সূত্র : রয়টার্স।











