বিদ্রোহীদের ব্যাপারে আ. লীগ কঠোর হলেও নমনীয় বিএনপি
নিউজ ডেস্ক : আসন্ন পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী মেয়র প্রার্থীদের ব্যাপারে আওয়ামী লীগের উল্টো পথে চলছে বিএনপি। ক্ষমতাসীনরা যেখানে দলের বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সময় বেঁধে দিয়ে বহিষ্কারের হুমকি দিচ্ছে, বিএনপি সেখানে বুঝিয়ে বাগে আনার চেষ্টা করছে। এতেও কাজ না হলে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেয়ার পক্ষে দলটির নীতিনির্ধারকরা।
এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হতে এক দিন বাকি। এখনো ২০ দলের অন্যতম শরিক জামায়াতের সঙ্গে সমঝোতা হয়নি বিএনপির। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে জোর চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কিন্তু নানামুখী চাপে কোণঠাসা জামায়াত শেষ পর্যন্ত ছাড় দেবে না বলে বিএনপি ও জোটের একাধিক সূত্র আভাস দিচ্ছে।
বিএনপির নেতৃত্বাধীন জোটের দলগুলোর মধ্যে কেবল এলডিপি ও জাতীয় পার্টিকে (কাজী জাফর) একটি করে পৌরসভা ছেড়ে দিয়েছে বিএনপি।
৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় একযোগে ভোট নেয়া হবে। এবারই প্রথমবারের মতো এই নির্বাচন হবে দলীয় প্রতীকে। জাতীয় নির্বাচনের মতো এতেও আওয়ামী লীগ-বিএনপির মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। সে কারণে দুই দলই ফল নিজেদের পক্ষে নিতে মরিয়া। যদিও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে জোরালো শঙ্কা আছে বিএনপিতে, তবে শেষ পর্যন্ত নির্বাচনে থেকে ধানের শীষের জোয়ার দেখাতে চায় সংসদের বাইরে থাকা দলটি।
অন্যদিকে বিএনপির নানা অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাচনে জয়ী হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও শুরু থেকে জোরালো কর্মকৌশল নিয়ে এগোচ্ছে। বিজয় নিশ্চিত করতে দলটি প্রার্থী মনোনয়নে প্রাধান্য দিয়েছে এলাকায় প্রভাবশালীদের।
এত হিসাব-নিকাশের পরও দুই দলে ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে চিন্তার কমতি নেই। আওয়ামী লীগ দলের বিদ্রোহীদের হুঁশিয়ার করেছে, মনোনয়নপত্র প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে তাদের। এ জন্য বেঁধে দেয়া ২৪ ঘণ্টার সময়সীমা পার হলেও অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেননি।
বিদ্রোহীদের ব্যাপারে আওয়ামী লীগের মতো অত কঠোর নয় বিএনপি। দলের বর্তমান ক্রান্তিকালে তৃণমূলের নেতাকর্মীদের কাছে আবার না ভুল ‘ম্যাসেজ’ যায় এবং নির্বাচনের মাঠে কোনো প্রভাব পড়ে্- এ ভয়ে বিদ্রোহীদের বিষয়ে নমনীয় দলটির নীতিনির্ধারকরা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। দলের সংকট, বর্তমান পরিস্থিতি তুলে ধরে যেকোনো উপায়ে মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে তাদের।
এই মুহূর্তে ২৭ পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর রয়েছে বলে দলটি জানালেও প্রকৃত সংখ্যা ৪৩ বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিএনপির নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“১৫ পৌরসভায় বিদ্রোহী প্রার্থীদের বসাতে না পারলে বেশ ক্ষতি হয়ে যাবে। ওই জায়গাগুলোতে দলের মনোনীত প্রার্থীদের জয়ের সম্ভাবনা খুব বেশি।”
তবে বাকি ২৮টির মধ্যে ১৬টিতে প্রত্যাহার না হলেও খুব বেশি প্রভাব পড়বে না বলে মনে করছে বিএনপি। এরই মধ্যে মেহেরপুরের গাংনী পৌরসভায় বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু আজ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
বিএনপিও আশা করছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ রবিবারের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের অনেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। তবে শেষ পর্যন্ত ১০ পৌরসভায় বিদ্রোহীদের সরানো যাবে না, এমনটা দলের নীতিনির্ধারকরাও ধরে নিচ্ছেন।
এদিকে খালেদা জিয়ার হাতে জামায়াতের ৩৫টি পৌরসভার প্রার্থীর তালিকা দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে বিএনপি তাদের প্রধান শরিককে সর্বোচ্চ ১৫ পৌরসভায় ছাড় দিতে পারে বলে কয়েকজন নেতা জানিয়েছেন।
বিদ্রোহীদের বিষয়ে বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মনোনয়ন দেয়ার ক্ষেত্রে ভুলভ্রান্তি থাকা স্বাভাবিক। তাই বিদ্রোহী প্রার্থী হওয়াটাও স্বাভাবিক। কিন্তু আন্দোলনে তৃণমূলের যে ভূমিকা, তাতে এই অবস্থায় কঠোর হওয়া ঠিক হবে না। এটা ভেবেই বিদ্রোহীদের ব্যাপারে দল কিছুটা নমনীয়।











