বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরে ৬৫ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি

news-image

প্যারিস সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অর্থায়নের জন্য শিল্পোন্নত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে স্বল্পোন্নত দেশগুলো। জলবায়ু পরিবর্তনে ক্ষতি মোকাবেলায় বছরে ৬৫০ বিলিয়ন (৬৫ হাজার কোটি) ডলার প্রদানের দাবি জানানো হয়েছে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে। গ্রিন ক্লাইমেট ফান্ডে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বছরে ১০০ বিলিয়ন ডলার প্রদানের স্পষ্ট ঘোষণার দাবি তোলা হয়েছে। লস অ্যান্ড ড্যামেজ, অভিযোজন খাত ও দীর্ঘমেয়াদি অর্থায়নেও উন্নত বিশ্বের সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে স্বল্পোন্নত দেশগুলো। স্বল্পোন্নত দেশগুলোর জোট এলডিসি, জি-৭৭, দ্বীপরাষ্ট্রগুলোর জোট ওয়েসিস, আফ্রিকান গ্রুপসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে দ্রুত অর্থায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। বছরে ৬৫০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে সম্মেলন কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা। তারা ৬৫০ বিলিয়ন ডলারের কাগুজে নোট ছেপে তা বিতরণ করেন। গত আট দিনে গ্রিন ক্লাইমেট ফান্ডে এক টাকার ঘোষণাও আসেনি। এতে হতাশ জি-৭৭ ও চীন। ভারত ও চীনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, সম্মেলনের শুরুতে লিস্ট ডেভেলপ কান্ট্রিস ফান্ডে (এলডিসিএফ) ১৪৮ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়ে এলডিসিভুক্ত দেশগুলোকে চুপ থাকতে বাধ্য করেছে। ক্ষতিগ্রস্ত দেশগুলো ওই তহবিল থেকে অর্থ পেতে লবিংয়ে ব্যস্ত থাকছে। স্বল্পোন্নত দেশগুলোর মুখ বন্ধ রাখতেই এ তহবিল ঘোষণা করা হয়েছে বলে এনজিওগুলোর পক্ষ থেকেও অভিযোগ করা হচ্ছে। এবার সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একাট্টা হয়েছে। তারা চীন ও ভারতকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এর সঙ্গে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোও সুর মেলাচ্ছে।

গতকাল মন্ত্রী পর্যায়ের বৈঠকে উন্নয়নশীল দেশের নেতারা বলেছেন, তাদের দেশের মানুষ জলবায়ু তহবিল থেকে কোন দেশ কী পরিমাণ অর্থ পেয়েছে তার দিকে তাকিয়ে আছে। তাদের পক্ষে খালি হাতে ফেরা সম্ভব নয়। বাংলাদেশ প্রতিনিধি দলের সমন্বয়কারী ড. কাজী খলীকুজ্জমান আহমদ সমকালকে বলেন, অর্থায়ন ও কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে কোনো অগ্রগতি হচ্ছে না। কোপেনহেগেনের মতোই প্যারিস সম্মেলন ব্যর্থ হতে যাচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গুয়ার্তুমির কারণে সব আলোচনা আটকে আছে।

বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান বলেন, এবার ১৫১ দেশের রাষ্ট্রপ্রধানরা সম্মেলনের প্রথম দিন অনেক আশার কথা শোনালেও এক সপ্তাহ পর আলোচনা সেই গতানুগতিক ধারায় চলছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দুই না দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা হবে তা নিয়ে রশি টানাটানি চলছে। তিনি বলেন, অর্থায়নের বিষয়ে সবাই মরীচিকার পেছনে ছুটছে। অ্যাডাপটেশন ও লস অ্যান্ড ড্যামেজ থেকে শেষদিকে হয়তো কিছু অর্থের সংস্থান হতে পারে। এ জন্য বাংলাদেশের উচিত হবে মন্ত্রী পর্যায়ের আলোচনাগুলোতে আরও জোরালো বক্তব্য রাখা।

জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া কোস্ট ট্রাস্টের প্রধান নির্বাহী রেজাউল করিম চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশগুলোর দুর্বল নেতৃত্বের কারণে এবার অর্থায়ন ও অন্যান্য ইস্যুতে কোনো অগ্রগতি হচ্ছে না। শেষ পর্যন্ত বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে শূন্য হাতেই ফিরতে হবে।

প্যারিসে গতকাল বাংলাদেশ সংবাদ সম্মেলন করেছে। এতে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিবেশ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আইনুন নিশাত। সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে বলা হয়, বাংলাদেশ কার্বন নিঃসরণের জন্য দায়ী না হয়েও জলবায়ু পরিবর্তনে নিষ্ঠুর বলি হচ্ছে। বিভিন্ন তহবিলে উন্নত দেশগুলোর অর্থায়ন জটিল ও অনিশ্চিত হয়ে পড়ছে। সংবাদ সম্মেলনে স্বল্পতম সময়ে অর্থায়নের দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ৪ কোটি মানুষ উদ্বাস্তু হবে। এসব মানুষের সুরক্ষার জন্যও আলাদা অর্থ দাবি করেছে বাংলাদেশ।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, বিশ্ব নেতৃত্বকে সময়ক্ষেপণ না করে দ্রুত একটি আইনি বাধ্যবাধকতামূলক চুক্তিতে পেঁৗছাতে হবে। গতকাল দুপুরে সম্মেলন কেন্দ্রে একটি কক্ষে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সংসদীয় দলের সদস্যরা। বৈঠকে নেতৃত্ব দেন ড. হাছান মাহমুদ এমপি।

সম্মেলনে অংশ নেওয়া বারসিকের সমন্বয়কারী সৈয়দ আলী বিশ্বাস বলেন, প্যারিস জলবায়ু সম্মেলনে বহুজাতিক কোম্পানিগুলো তাদের প্রযুক্তি ও যন্ত্রপাতি বিক্রি করতে গ্রিন এনার্জি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কথা বলেছে। অথচ মানুষের জীবন-জীবিকা ও আদিবাসীদের স্বার্থ প্রাধান্য পায়নি।

বিসিএএসের ফেলো গোলাম রব্বানী বলেন, প্যারিস চুক্তির খসড়া নিয়ে এখনও বহু বিষয়ে মতবিরোধ রয়েছে। অর্থায়ন নিয়েও কোনো দেশ একমত হতে পারছে না। ফলে আলোচনা বাড়তি সময়ে গড়াবে। দীর্ঘমেয়াদি অর্থায়নে শিল্পোন্নত দেশগুলো এখনও কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিচ্ছে না। আর আইনি বাধ্যবাধকতামূলক চুক্তি প্যারিসে দিবাস্বপ্নে পরিণত হয়েছে। আগামী ১০ বছরেও আইনি চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।