বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আইএস বিষয়ে ঘোমটা খুলতে হবে’

news-image

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশে আইএসের কোন অস্থিত্ব নেই। অথচ পুলিশ আইএস সদস্যদের গ্রেপ্তার করছে। একই সঙ্গে আদালতে তাদের বিচারও চলছে। আইএস থাকুক বা না থাকুক, এটা এখন বিশ্বব্যাপী বড় সমস্যা। তাই আইএস বিষয়ে অহেতুক দায়িত্বজ্ঞানহীন ও সমন্বয়হীন কথা না বলে সরকারকে ঘোমটা খুলতে হবে। গতকাল দুপুরে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশে শান্তি প্রতিষ্ঠার দাবিতে চলতি বছরের ২৮শে জুন থেকে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। ৩০৮ দিন ধরে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন শেষে ঘরে ফেরা উপলক্ষে এ সংবাদ সম্মেলন করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, বিদেশ সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছিলেন, হামলে পড়ার জন্য দেশে আইএস আছে স্বীকারোক্তি আদায়ের জন্য চাপ প্রয়োগ করছে বিদেশিরা।

দেশে আইএস আছে কেউ এটা প্রমাণের চেষ্টা করছে এই বোধ প্রধানমন্ত্রীর হয়েছে বলে ধন্যবাদ জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, দেশ যেন আইএস সমস্যায় না পড়ে তার জন্য আর বসে থাকার সময় নেই। এখন বিভেদ করার সময় না। ঐক্যবদ্ধ করার সময়। তিনি বলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছিলাম। দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলাম। আজ হয়তো বাসে আগুন দেয়া হয় না। তবে বর্তমানে দেশের অবস্থা অনেক খারাপ। জীবনের কোন নিশ্চয়তা নেই। সকলে চরম আতঙ্কে রয়েছে।

যার সঙ্গে আলোচনায় বসলে বর্তমান সমস্যার সমাধান হবে তার সঙ্গেই প্রধানমন্ত্রীকে আলোচনায় বসতে হবে। কারণ তিনি দেশের কর্ণধার। মনে রাখতে হবে আমরা আপনার বাবার নির্দেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। যখন হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেছিল, তখন কোথায় তারা আত্ম সমর্পণ করবে। কিভাবে আমরা তাদের নিরাপত্তা দেব সে বিষয়ে আলোচনায় বসতে হয়েছিল পাকিস্তানি বাহিনীর প্রধানের সঙ্গে। প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে সবাই আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন, কার সঙ্গে আলোচনায় বসবো।

বিএনপি নেত্রীর গায়ে পোড়া মানুষের গন্ধ। কিন্তু আমি প্রধানমন্ত্রীকে বলবো, বিএনপি নেত্রীর গায়ে পোড়া মানুষের গন্ধ হলে যার সঙ্গে আলোচনার বসলে দেশের বর্তমান সমস্যার সমাধান হবে দেশ ও জাতির স্বার্থে তার সঙ্গে আপনাকে আলোচনায় বসতে হবে। তা না হলে দেশের মানুষ বসে থাকবে না। তারা সবাই শান্তিতে বসবাস করতে চায়। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। যদি আপনি এই কথাটুকু বুঝতে না চান তবে সেটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। জাতীয় নির্বাচন বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সমস্যার ৮০ ভাগ সমাধান হয়ে যাবে অবাধ ও গ্রহণযোগ্য আরেকটি জাতীয় নির্বাচন হলে। সরকারি প্রভাবমুক্ত নির্বাচনে জয়ী দলের ওপর মানুষের আস্থা থাকে। এই সরকারের ওপর ৯০ ভাগ মানুষের বিন্দু পরিমাণ আস্থা নেই। যেদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে  সেদিন মানুষের আস্থা ফিরে আসবে। বিএনপির উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, আপনাদের অবরোধ প্রত্যাহার করতে বলেছিলাম কিন্তু করেননি।

জনগণ আপনাদের অবরোধ প্রত্যাখ্যান করেছে। এমন অবস্থা হয়েছে আপনারা অবরোধ প্রত্যাহারেরও সময় পাননি। গণহারে ফাঁসির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ৩০শে নভেম্বর একদিনে ২৯ জনকে ফাঁসি দেয়া হয়েছে। প্রতিদিন যে পরিমাণ ফাঁসি দেয়া হচ্ছে তা ভাল লক্ষণ নয়। ফাঁসি মানে দেশের অবস্থা ভয়াবহ। দেশে শান্তি নেই। এভাবে গণহারে ফাঁসি দেয়া বন্ধ করতে হবে। যারা মনে করছেন, ফাঁসি দিলে সমস্যার সমাধান হবে। তারা ভুল পথে রয়েছেন। ফাঁসি দিলে সমস্যা আরও বাড়ে। আমরা আন্তর্জাতিক বিশ্বে ফাঁসির দেশ হিসেবে পরিচিতি পাচ্ছি।

ভাবিষ্যতে বিশ্ব মানবতার কাছে এজন্য জবাব দিতে হতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকী, স্ত্রী নাসরিন সিদ্দিকী, কবি সাযযাদ কাদির, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।