বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার দ্বিতীয় সহজ জয়

news-image

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এদিন সুবিধা করতে পারেনি তারা। ১৮.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে গেছে বরিশাল বুলসের ইনিংস।
৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৩ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মারলন স্যামুয়েলস ২৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন শুভাগত হোম। ইমরুল কায়েস ১৩ ও মাহমুদুল হাসান ৩১ রান করে আউট হন।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমেই নুয়ান কুলাসেকারার তোপের মুখে পড়েছে বরিশাল বুলস। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই শাহরিয়ার নাফীস ও ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার মিডিয়াম পেসার। দুজনই কট বিহাইন্ড। দলীয় তিন রানে দুই উইকেট হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি বরিশাল বুলস। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে।
কুলাসেকারার পর আশার জাইদি ও আবু হায়দায় নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষের রানের চাকা বেঁধে রাখার পাশাপাশি সাফল্যও এনে দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। পাকিস্তানের বাঁহাতি স্পিনার জাইদি ১৬ রানে নিয়েছেন তিন উইকেট। বাঁহাতি পেসার হায়দারের ২১ রানের বিনিময়ে শিকার দুটি।
দ্বিতীয় স্পেলে বল করতে এসে সাফল্য পেয়েছেন কুলাসেকারাও। মাত্র আট রানে তিন উইকেট নিয়ে তিনিই কুমিল্লার সবচেয়ে সফল বোলার। বরিশাল বুলসের মাত্র তিনজন দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেনÑকেভন কুপার (২২), রনি তালুকদার (১৭) ও সাব্বির রহমান (১০)।