রোববার সমাপনীতে বসছে সাড়ে ৩২ লাখ খুদে শিক্ষার্থী প্রশ ফাঁস ঠেকাতে নয়া কৌশল
দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে বসছে সাড়ে ৩২ লাখ কোমলমতি শিক্ষার্থী। রোববার থেকে শুরু হওয়ার ৭ম বারের মতো এই সমাপনীর প্রশ্ন ফাঁস ঠেকাতে নেয়া হয়েছে নয়া কৌশল। সমাপনী পরীক্ষা এ বছর প্রশ্ন ফাঁস ঠেকাতে ৬৪ জেলাকে আটটি অঞ্চলে ভাগ করে প্রথম বারের মতো আট সেট প্রশ্নে পরীক্ষা নেয়া হবে। কোন জেলা কোন অঞ্চলে থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা ছাড়া আর কেউ তা জানতে পারবেন না। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। রোববার থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ২৯শে নভেম্বর পর্যন্ত। মন্ত্রী জানান, এবার সমাপনী পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন খুদে শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন এবং মাদরাসার ইবতেদায়ীতে ৩ লাখ ৫ হাজার ৫৫১ জন পরীক্ষার্থী অংশ নিবে। এবার পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ৯৫৩ জন বেশি। এবার প্রাথমিক সমাপনীতে ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন ছাত্র ও ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। ইবতেদায়ীতে এক লাখ ৬০ হাজার ৫৬১ জন ছাত্র ও এক লাখ ৪৪ হাজার ৮৯০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছর এক লাখ ৯৮ হাজার শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে বলে জানান মন্ত্রী। সারা দেশে সাত হাজার ৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। মোট ছয়টি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোন জেলার প্রশ্ন ফাঁস হয়ে গেলে শুধু ওই জেলার শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ পাশের জেলাটি কোন অঞ্চলে পড়েছে তা কয়েকজন শীর্ষ কর্মকর্তা ছাড়া অন্যদের জানা নেই। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার ৩২ সেট প্রশ্নের মধ্য থেকে লটারির মাধ্যমে আট সেট প্রশ্ন বাছাই করে ছাপানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণীতে উন্নীত করার কাজ করছে সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের মাত্র ৭০০ প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এখনও অনেক বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা রয়েছে। তবে সরকার কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের মধ্যে এটা করা সম্ভব নাও হতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ-উল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন, অতিরিক্ত সচিব ড. মো. মজিবুর রহমান হাওলাদার প্রমুখ।
পরীক্ষার সূচি: প্রাথমিক সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৯শে নভেম্বর গণিত পরীক্ষা হবে। ইবতেদায়ী সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ২৯শে নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।











