আজ মুজাহিদের রিভিউয়ের রায়, সাকার শুনানি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের ওপর রায় দেয়া হবে আজ বুধবার। মঙ্গলবার উভয়পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের প্রত্যাশা রিভিউ এর রায়েও আল-বদর কমান্ডার মুজাহিদের মৃত্যুদ- বহাল থাকবে। অন্যদিকে আসামিপক্ষের আশা রায়ে সাজা কমে আসবে।
এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দ-প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি আপিল বিভাগের আজ বুধবার কার্যতালিকার তিন নম্বরে রাখা হয়েছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানি মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা হয়নি। সাকার আইনজীবীরা রিভিউ মুলতবির আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে কোর্ট বলেন ‘নট টুডে’।
গত ২ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীর আবেদনের পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদন শুনানির জন্য আজ ১৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন। এর আগে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
মঙ্গলবার মুজাহিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে মুজাহিদের ফাঁসির আদেশ বাতিলের পক্ষে ৩৮ পৃষ্ঠার রিভিউয়ে ৩৫ টি যুক্তি তুলে ধরেন খন্দকার মাহবুব হোসেন। শুনানি শেষে বুধবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদ- বহাল রেখে, গত ৩০ আগস্ট চূড়ান্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপর সবশেষ আইনি লড়াই হিসেবে দ- পুনর্বিবেচনা চেয়ে একই আদালতে রিভিউ আবেদন করেন এই দুই মানবতাবিরোধী।
মঙ্গলবার এই দু’জনের রিভিউ শুনানির দিন ধার্য থাকলেও মুজাহিদের আবেদনটি কার্যতালিকার ২ নম্বরে থাকায়, শুরু হয় তার আবেদনের শুনানি। সকাল নয়টা থেকে প্রায় দুই ঘণ্টা দু’পক্ষের শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, রায়ে মুজাহিদের ফাঁসি বহাল থাকবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘আমার কাছে মনে হয় না রিভিউ’র রায়ে তেমন কোনও পরিবর্তন আসবে।’ আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে সরাসরি তাকে হত্যা করতে হবে এটা কোনও কথা নয়। তিনি এ ব্যাপারে পরিকল্পনা করেছেন, উৎসাহিত করেছেন এবং এ ব্যাপারে তার সহকর্মীদের তিনি উজ্জীবিত করেছেন। এটাও একটি বিরাট অপরাধ। আর এ অপরাধে আপিল বিভাগ তাকে যে শাস্তি দিয়েছেন তা সঠিক হয়েছে।’
অন্যদিকে আসামিপক্ষও মনে করেন, রিভিউ এর রায়ে মুজাহিদের সাজা কমে আসবে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘যে অভিযোগের উপর ভিত্তি করে তাকে ফাঁসি দেয়া হয়েছে সেই অভিযোগের যে সাক্ষী প্রমাণ আছে তাতে মৃত্যুদ- দেয়া বে আইনি হয়েছে।’
মুজাহিদ ও সাকার রিভিউ শুনানিকে কেন্দ্র করে পুরো আদালত ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর তৃতীয় কোনও মামলা হিসেবে বুধবার মুজাহিদের রিভিউ নিষ্পত্তি করতে যাচ্ছে আপিল বিভাগ।











