তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনা আরও একজনের মৃত্যু
হোসনী দালান এলাকায় তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় জামালউদ্দিন (৫০) নামে অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনা ঘটে। এতে দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্ব চড়াইলে শুভাট্টা উত্তর পাড়ার বাসিন্দা ও সপ্তম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন সানজু (১৫)নিহত হন। আহত হন আরও অনেকে। এদের মধ্যে ছিলেন জামালউদ্দিন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামালউদ্দিন লালবাগ থানার ২২ নম্বর কাজী রিয়াজউদ্দিন রোড এলাকার মৃত মফিজউদ্দিনের ছেলে। তিনি লেস-ফিতা বিক্রেতা ছিলেন। এ বিষয়ে ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান ঘটনার জানান, বোমা হামলার ঘটনায় আহত মোট ১৬ জন ঢামেকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন আজ মারা গেলেন, আর আরেকজন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন। ভর্তি আছেন এখনো ১৪ জন।











