বোমা মেরে, ঢিল ছুড়ে উন্নয়ন থামানো যাবে না : প্রধানমন্ত্রী
দিনে ৪৫ কোটি লিটার পানি শোধন প্রকল্প ফলক উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার শহর ও গ্রামের উন্নয়নে সমতা বিধানের পাশাপাশি ধনী ও দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্যও হ্রাস করেছে এবং এটি হচ্ছে দেশের চলমান উন্নয়নের মূল ভিত্তি। তিনি বলেন, তাঁর সরকার কোনো অন্যায়ের প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। তিনি বলেন, 'কয়েকটা বোমা মেরে ও ঢিল ছুড়ে উন্নয়নের গতি রোধ করা যাবে না।' গতকাল বুধবার পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পের (প্রথম পর্যায়) উদ্বোধনকালে শেখ হাসিনা এসব কথা বলেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য শেষে প্র্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে মোবাইল অ্যাপস ব্যবহার করে প্রকল্পটির ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় নেতা ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এতে চীনের রাষ্ট্রদূত ম্যা মিং ছিয়াং, প্রকল্পটির নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের সিএএমসি ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেডের চেয়ারম্যান লু ইয়ান ও স্থানীয় সরকার বিভাগের সচিব এ মালেক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা ওয়াসার সূত্রে জানা গেছে, চীনের আর্থিক সহায়তায় তিন হাজার ৫০৮ কোটি টাকা ব্যয়ে মুুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার জশলদিয়ায় প্রকল্পটি নির্মিত হবে। এ প্রকল্প থেকে দৈনিক ৪৫ কোটি লিটার পানি ঢাকা মহানগরীতে সরবরাহ করা হবে। ২০১৮ সালের এপ্রিলে প্রকল্পের কাজ সমাপ্ত হবে। ঢাকা মহানগরীর মিটফোর্ড, নবাবপুর, লালবাগ, হাজারীবাগ, ধানমণ্ডি, মোহাম্মদপুর ও সংলগ্ন এলাকায় পানির চাহিদা মেটাতে এ পানি সরবরাহ করা হবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এবং মহানগরীতে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়েছে।
গতকাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর পানি সংকট নিরসনে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৯৬ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর সায়েদাবাদ পানি শোধন প্রকল্প (প্রথম পর্যায়) নির্মাণ করা হয়। কিন্তু এর দ্বিতীয় পর্যায় নির্মাণের উদ্যোগ নিলেও বিএনপি-জামায়াত সরকারের আমলে তা বাতিল হয়ে যায়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সায়েদাবাদ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ সম্পন্ন করে। তখন এতে ওয়াসার পানির উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮৮ কোটি লিটার থেকে ২৪২ কোটি লিটারে উন্নীত হয়। ওই সময় মহানগরীতে পানির দৈনিক চাহিদা ছিল প্রায় ২২৫ কোটি লিটার।
আগে রাজধানীতে তীব্র পানি সংকট ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আরো তিনটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের অপেক্ষায় রয়েছে। ধলপুর (সায়েদাবাদ তৃতীয় পর্যায়), নারায়ণগঞ্জের চরগন্ধপপুর ও সাভারের তেঁতুলঝরায় এ তিনটি শোধনাগার নির্মাণ করা হলে ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমবে শতকরা ৮০ ভাগ। এ সময় তিনি নগরবাসীকে পানির অপচয় রোধ এবং ঢাকা ওয়াসাকে সিস্টেম লসের ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানান। সূত্র : বাসস।
মুন্সীগঞ্জের জশলদিয়ায় অনুষ্ঠান : এদিকে মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁও হোটেল থেকে পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেছেন। সরাসরি ভিডিও কনফারেন্স চলাকালে প্রকল্পস্থলে উপস্থিত ছিলেন সাবেক হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন। অনুষ্ঠানটির স্থানীয় সঞ্চালক ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। এ ছাড়া পুলিশ সুপার বিপ্লব বিজয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, প্রকল্পটির পরিচালক ইঞ্জিনিয়ার মো. বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্স চলাকালে সুকুমার রঞ্জন ঘোষ এমপি সিরাজদিখানের বালুচর ইউনিয়নে ধলেশ্বরী নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানালে প্রধানমন্ত্রী তা করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। জেলা পরিষদের প্রশাসক ও বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি গার্ড মোহাম্মদ মহিউদ্দিন গজারিয়ার সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য মেঘনায় ফেরি সার্ভিসের দাবি জানালে প্রধানমন্ত্রী নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানকে তা বাস্তবায়নের নির্দেশ দেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জশলদিয়ায় এই 'পদ্মা পানি শোধনাগার' নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যেই প্রকল্পের মাটি ভরাট, সার্ভে ওয়ার্ক, কার্যক্রম পরিচালনার স্থাপনা, রাস্তা নির্মাণ এবং ১৭ হাজার মিটার পাইপ আমদানিসহ ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে।











