জামালপুরে ট্রেনের ধাক্কা, নিহত ৬
জামালপুরের মেলান্দহের নয়ানগর এলাকায় লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন, যার মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো একজন। গতকাল দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পরিবহন পরিদর্শক সাজ্জাদ হোসেনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহতরা হলেন উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আব্দুর রহিম মাস্টারের ছেলে অটোরিকশাচালক হাসমত ওরফে হাসু মিয়া (২৫), তাঁর মা জরিনা খাতুন (৪৫) ও বোন বৃষ্টি (২০), অটোযাত্রী বালুর চর গ্রামের শেখ ফরিদ উদ্দীনের স্ত্রী হাসনা বেগম (৩২) এবং শ্যামপুর এলাকার ফুলবাড়িয়া গ্রামের সৌমিত্র ঋষির স্ত্রী চিকনী রানী শুকরী (৩৫) ও ব্রজেন্দ্র ঋষির স্ত্রী নিন্দু মনি (৫৫)। এ ছাড়া গুরুতর আহত শেখ ফরিদ উদ্দীনের চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ, রেলওয়ে ও স্থানীয় লোকজন জানায়, গতকাল দুপুরে মেলান্দহ বাজার থেকে ছেড়ে আসা শ্যামপুর বাজারগামী একটি অটোরিকশা মেলান্দহের নয়ানগর লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি কমিউটার ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ছেঁচড়ে অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এতে অটোরিকশায় থাকা পাঁচ নারীসহ ছয়জন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের শরীরের বিভিন্ন অংশ রেললাইনের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
অটোরিকশাটি দুর্ঘটনায় পড়ার পূর্বমুহূর্তে নিজের তিন বছরের শিশুপুত্রকে নিয়ে লাফ দিয়ে নেমে অল্পের জন্য বেঁচে গেছেন অটোরিকশার যাত্রী মশিউর রহমান। তিনি বলেন, 'আল্লার দয়ায় শিশুপুত্রকে নিয়ে প্রাণে বেঁচে আছি।' তিনি জানান, নয়ানগর লেভেলক্রসিংয়ে রেলওয়ের কোনো গেটম্যান ও ব্যারিয়ার ছিল না। এ ছাড়া ওই পয়েন্টে রেললাইনের পাশে বাড়িঘর থাকায় রাস্তা থেকে অটোরিকশাচালক ট্রেন যে আসছে, তা দেখতে পাননি। জামালপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জহুরুল ইসলাম বলেন, ওই লেভেলক্রসিংটি অবৈধ ছিল। লেভেলক্রসিংটি করার জন্য রেলওয়ে বিভাগ থেকে কোনো অনুমতি ছিল না। ইজিবাইকচালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। মেলান্দহ থানার ওসি নাছিমুল ইসলাম জানান, স্বজনদের অনুরোধে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে রেলওয়ে থানা পুলিশ নিহত ছয়জনের খণ্ড-বিখণ্ড লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করেছে। জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নয়ানগর গ্রামের লেভেলক্রসিং পয়েন্টে রেলওয়ের কোনো গেটম্যান ও ব্যারিয়ার না থাকার কারণে এ ঘটনাটি ঘটেছে। তাই ভবিষ্যতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সে জন্য তিনি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবেন। এ ছাড়া তিনি নিহত ছয়জনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে সাড়ে সাত হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন।











