দলিলের তথ্যও অস্বীকার এমপি হান্নানের
মুক্তিযুদ্ধকালীন সব অপরাধের কথাই অস্বীকার করছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় পার্টির এমপি এম এ হান্নান। তদন্তের অংশ হিসেবে তাঁকে গতকাল মঙ্গলবার ধানমণ্ডিতে তদন্ত সংস্থার সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এই জিজ্ঞাসাবাদে হান্নান পাকিস্তান আমলে দুইবার প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) হওয়া এবং ১৯৭২ সালে দালাল আইনে গ্রেপ্তার হয়ে দুই বছর কারাবন্দি থাকার কথাও অস্বীকার করেন। তদন্ত সংস্থার একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুসারে গতকাল সকাল ১০টায় এমপি হান্নানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তদন্ত সংস্থার সেফ হোমে নেওয়া হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবদ করেন এই মামলার তদন্ত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদের সময় এমপি হান্নান নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যেন তিনি একাত্তরে একেবারেই ধোয়া তুলসীপাতা ছিলেন।
তদন্ত সংস্থা সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহে শান্তি কমিটির শীর্ষস্থানীয় নেতা ও রাজাকার বাহিনীর প্রধান হিসেবে ভূমিকার ব্যাপারে জিজ্ঞাসা করলে দৃঢ়ভাবে তা অস্বীকার করেন হান্নান। একাত্তরের আগে দুইবার টাঙ্গাইল-৩ আসন থেকে মুসলিম লীগের মনোনয়নে প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) নির্বাচিত হওয়ার কথা হান্নান অকপটে অস্বীকার করেন। একাত্তরে তিনি কোনো হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করেন। তদন্ত সংস্থার কাছে নিজেকে একেবারেই নির্দোষ হিসেবে উপস্থাপন করেন তিনি। একাত্তরের অপরাধের অভিযোগে ১৯৭২ সালে দালাল আইনে গ্রেপ্তার হওয়ার পর ১৯৭৪ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকার কথাও অস্বীকার করেন এমপি হান্নান।
দলিলের তথ্যও অস্বীকার এমপি হান্নানের
নিজের মুখে হান্নান সব অস্বীকার করলেও মুক্তিযুদ্ধবিষয়ক দলিলপত্রে তাঁর অবস্থান উল্লেখ আছে। সাংবাদিক আজাদুর রহমান চন্দনের 'একাত্তরের ঘাতক ও দালালরা' শীর্ষক প্রামাণ্য গ্রন্থে একাত্তরে ময়মনসিংহ জেলা শান্তি কমিটির দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে নাম আছে হান্নানের। বইয়ে বলা হয়, "১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের (মোট আসন ৩১০) পূর্ব পাকিস্তানের ১৬৯ আসনের মধ্যে ১৬৭টি এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভ করে আওয়ামী লীগ। হাতে গোনা কয়েকজন ছাড়া নির্বাচিত প্রতিনিধিদের সবাই ২৫ মার্চের পর বাংলাদেশ সরকারে যোগ দেন। ফলে পাকিস্তানের সামরিক সরকার জাতীয় পরিষদে আওয়ামী লীগের ৭৮টি আসন এবং প্রাদেশিক পরিষদের ১৭১টি আসন শূন্য ঘোষণা করে। এ ছাড়া মৃত্যুর কারণে আরো কয়েকটি আসন শূন্য হয়। সেপ্টেম্বরের প্রথম দিকে টিক্কা খানকে সরিয়ে ডা. এ এম মালেককে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ দেওয়া হয় বেসামরিক শাসনের লেবাস দেওয়ার জন্য।… এরপর জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের 'শূন্য' আসনগুলোতে উপনির্বাচনের আদেশ দেওয়া হয়।… সংকটময় পরিস্থিতিতে যেসব ডানপন্থি রাজনীতিক সেনাবাহিনীকে সহযোগিতা করছিলেন, তাদের পুরস্কার দিতে চান ফরমান। আসন ছিল কম, কিন্তু প্রত্যাশী অনেক। ওই অবস্থায় তিনি ডানপন্থি সবাইকে মিলে একটি একক তালিকা করে দিতে বলেন। কিন্তু দলগুলো যার যার মতো নিলাম হাঁকে। জাতীয় পরিষদে পিডিপি ৪৬, জামায়াতে ইসলামী ৪৪, কাউন্সিল মুসলিম লীগ ২৬, কনভেনশন মুসলিম লীগ ২১ এবং নেজামে ইসলাম পার্টি ১৭টি আসন চেয়ে বসে। শেষে নিজ উদ্যোগে আসন ভাগ করে দেন ফরমান।" সাজানো নির্বাচনের ওই আসন ভাগাভাগিতে যেসব দালাল প্রার্থী হয়েছিলেন এবং বিনা ভোটে 'নির্বাচিত' হয়েছিলেন, তাঁদেরও তালিকা আছে চন্দনের বইয়ে। ওই তালিকা থেকে দেখা যায়, প্রাদেশিক পরিষদে টাঙ্গাইল-৩ আসনে কনভেনশন মুসলিম লীগের প্রার্থী হিসেবে নাম রয়েছে হান্নানের।
আজাদুর রহমান চন্দন জানান, একাত্তরে প্রথমে ময়মনসিংহ সদর জামে মসজিদের পেশ ইমামকে আহ্বায়ক এবং সাবেক মন্ত্রী ফখরুদ্দিন আহমদ ও সাবেক এমপি এম এ হান্নানসহ কয়েকজনকে সদস্য করে ময়মনসিংহ জেলা শান্তি কমিটি গঠন করা হয়েছিল। ওই সংবাদ ছাপা হয়েছিল তখনকার সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তানে ১৯৭১ সালের ২২ মে। পরে ফখরুদ্দিন আহমদ হন জেলা শান্তি কমিটির প্রধান আর হান্নান হন সাধারণ সম্পাদক। রাজাকার বাহিনী কাজ করত শান্তি কমিটির তত্ত্বাবধানে। এমনকি প্রশিক্ষণ শেষে রাজাকারদের শপথও পড়াতেন সংশ্লিষ্ট এলাকার শান্তি কমিটির নেতারা। এসব তথ্য রয়েছে একাত্তরের পত্রপত্রিকায়ই।
তদন্ত সংস্থা সূত্রে জানা যায়, একাত্তরে এম এ হান্নানের স্থায়ী ঠিকানা ময়মনসিংহ শহরতলির খাগডহরে হলেও শহরে তাঁর বাসা ছিল নতুন বাজার এলাকায় প্রধান সড়ক ঘেঁষে বিশাল এলাকাজুড়ে। সে সময় নতুন বাজারে তাঁর ওই বাসা তিনি ব্যবহার করেছেন মুক্তিযুদ্ধবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে এবং মুক্তিযোদ্ধাদের অত্যাচার-নির্যাতনের ক্যাম্প হিসেবে। পাকিস্তান হানাদার বাহিনীর ঘনিষ্ঠজন হিসেবে জেলা শহরের অন্যান্য নির্যাতন ক্যাম্পেরও তদারকিতে তিনি ছিলেন তৎপর।
তদন্ত সংস্থা সূত্রে আরো জানা যায়, এম এ হান্নানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বেশ কিছু অভিযোগ ছিল মুক্তিযুদ্ধের সময়। এগুলো হলো-খাগডহর এলাকার মাইজবাড়ী গ্রামের বাসিন্দা আতাউর রহমান আতাকে নতুন বাজারের বাসায় ধরে নিয়ে নির্যাতনের পর হত্যা; এ ছাড়া সরাসরি তাঁরই নির্দেশে অ্যাথলেট শাহেদ আলীকে হত্যা, ভাস্কর রশিদকে হত্যা, খন্দকার আলী রতনসহ আরো অসংখ্য মুক্তিযোদ্ধাকে নির্যাতন ও হত্যার অভিযোগ।
গত ১৯ মে ত্রিশালের বইলরের রহিমা খাতুন তাঁর স্বামী শহীদ আবদুর রহমানকে হত্যার দায়ে এম এ হান্নানের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এম এ হান্নানের বিরুদ্ধে তদন্ত করছে। গত ১ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এমপি হান্নান ও তাঁর ছেলে রফিক সাজ্জাদ ওই দিনই ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হন। আরো দুজন গ্রেপ্তার হন ময়মনসিংহে। এরপর গত ১৪ অক্টোবর এম এ হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। সে মোতাবেক গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় এম এ হান্নানকে তদন্ত সংস্থার সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এম এ হান্নানকে নেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।











