অনিশ্চয়তা বেড়েছে বাংলাদেশের অর্থনীতিতে :বিশ্বব্যাংক
বাংলাদেশের অর্থনীেতিতে অনিশ্চয়তা বেড়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলছে, ব্যক্তি খাতের বিনিয়োগে স্থবিরতা এখনও কাটেনি। রাজস্ব আদায়ে টার্গেট পূরণও চ্যালেঞ্জিং। তাই ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ৫ শতাংশের বেশি হবে না। মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল পথে আছে। কিন্তু তার নিশ্চয়তা নেই বলে মনে করছে বিশ্বব্যাংক। ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, একদিকে রাজনৈতিক অস্থিরতা আছে। অন্যদিকে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনীতির বেলাতেও স্থিরতা নেই। আগে ঝুঁকি বিবেচনা করা হতো অভ্যন্তরীণ ইস্যু নিয়ে। কিন্তু এখন আন্তর্জাতিক বৈশিষ্ট্য-গতি প্রকৃতি বিবেচনায় নেয়া হয়। এতে দেখা যাচ্ছে সেখানেও অনিশ্চয়তা বেড়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি ভালো। মূল্যস্ফীতিও কমেছে। তবে আন্তর্জাতিক অর্থনীতির ঝুঁকির চিত্র পাল্টানোর সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ছে না। ফলে সরকারের ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের টার্গেট পূরণ নাও হতে পারে। প্রসঙ্গত, চলতি অর্থবছরে সরকার ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রাক্কলন করেছে। গত অর্থবছরে ৬.৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।











