জাপানের নাগরিক হোসে কুনিও হত্যার দ্রুত বিচার চায় যুক্তরাষ্ট্র , সম্পর্ক আরো এগিয়ে নিতে চাই : মার্শা বার্নিকাট,
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জাপানের নাগরিক হোসে কুনিও হত্যার দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার হোসের মৃত্যুতে শোক জানিয়ে এ আহ্বান জানান। মার্শা বার্নিকাট বলেন, রংপুরে জাপানের নাগরিক কুনিও হোসির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর পরিবার, বন্ধু ও জাপানের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি এ অপরাধের প্রতিটি বিষয় তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
সম্পর্ক আরো এগিয়ে নিতে চাই : মার্শা বার্নিকাট
মতপার্থক্য দূর করতে হবে বাংলাদেশিদেরই
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো ও বিস্তৃত করাকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। তিনি বলেন, বাংলাদেশের বিশেষ কোনো পক্ষ বা দলকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয় না। বাংলাদেশে রাজনৈতিক মতপার্থক্য বাংলাদেশিদেরই দূর করতে হবে। এ ক্ষেত্রে বাইরের কোনো বন্ধু রাষ্ট্রের সহযোগিতার সুযোগ থাকলে যুক্তরাষ্ট্র তা করতে চায়। অনুরোধ পেলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এসব কথা জানান। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করার পর এটিই ছিল মার্শা বার্নিকাটের প্রথম সংবাদ সম্মেলন।
রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, 'গত ৩০ বছর ধরে আমি বাংলাদেশে আসতে চেয়েছি। শেষ পর্যন্ত আমি আসতে পেরে এবং আমাদের সম্পর্ককে আরো গভীর ও জোরালো করার অনেক প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত বোধ করছি।'
দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ককে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বার্নিকাট বলেন, উভয় দেশের মানুষে মানুষে যোগাযোগ আরো বেশি চমকপ্রদ। সন্ত্রাস দমনে বাংলাদেশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের কৃতজ্ঞতার কথা জানান তিনি। বার্নিকাট বলেন, বুধবার থেকে ওয়াশিংটনে হোয়াইট হাউসে অনুষ্ঠেয় সহিংস উগ্রবাদ মোকাবিলাবিষয়ক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক অংশ নিচ্ছেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গেও বৈঠক করবেন।
মার্শা বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশে চলমান সহিংসতা ও অস্থিরতায় উদ্বেগ জানিয়েছে। বাসে অগ্নিসংযোগ, রেল লাইনচ্যুত করাসহ বিবেকবর্জিত হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলায় নিরপরাধ মানুষ হতাহত হচ্ছে। মার্শা বার্নিকাট আরো বলেন, 'রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতার ব্যাপারে আমরা সর্বোচ্চ ভাষায় নিন্দা জানিয়েছি। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো যুক্তি নেই।'
মার্শা বার্নিকাট বলেন, 'অহিংস ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের মাধ্যমে মতপার্থক্য নিরসন করে সহিংসতা থামাতে প্রত্যেকেরই করণীয় আছে।'
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, 'এই সুযোগে খুব সরাসরিই আমি বলছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ কোনো রাজনৈতিক শক্তি বা দলকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও জোরদারে আগ্রহী সরকারসহ সব বাংলাদেশির সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী।'
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্রের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত বার্নিকাট। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের একজন গত বছর যুক্তরাষ্ট্র সিনেট কমিটির শুনানিতে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বার্নিকাটের বক্তব্যের প্রসঙ্গ তোলেন। বার্নিকাট ওই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে নতুন নির্বাচনে উৎসাহিত করার কথা বলেছিলেন। রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আসার পর অংশীদারি নির্বাচনের বিষয়ে কিভাবে কাজ করবেন জানতে চাইলে বার্নিকাট বলেন, 'নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান সবার জানা এবং সেটি গোপন নয়। আমি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিতে চাই।' গত সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোর বৈঠকে বাংলাদেশ বিষয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, 'তারানকোর সঙ্গে বৈঠকের বিষয়ে আমি বিস্তারিত বলতে পারি না। তবে এটি বলব যে বাংলাদেশের সব বন্ধু বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন। সহযোগিতার অনুরোধ পেলে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত।'
রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনেক ইস্যুতে তিনি আলোচনা করেছেন। উভয়েই একমত হয়েছেন যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ পরস্পরের জোরালো অংশীদার এবং গণতন্ত্র শক্তিশালী করতে উভয়েই একসঙ্গে কাজ করতে চায়।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শক্তিশালী আইনের শাসন দেখতে চায়। আইনের শাসন জোরদার, এ দেশের আইনের আলোকে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সহযোগিতা ও বিনিময় কর্মসূচি রয়েছে। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, গত ৩৩ বছরের কূটনীতিক জীবনে আটটি দেশে দায়িত্ব পালনের সময় বাংলাদেশের মতো ব্যবসা সম্ভাবনা তিনি আর কোথাও দেখেননি।
রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশিদের তাদের স্বপ্ন পূরণে সক্ষম করে তোলাই তাঁর স্বপ্ন। এর বাইরে তিনি নারীর ক্ষমতায়নকে উৎসাহিতকরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা সৃষ্টির ওপর কথা বলেন। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরিয়ে আনতে উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র কংগ্রেস জিএসপি সুবিধার বিষয়টি দেখে থাকে। বাংলাদেশের শ্রম অধিকার, কর্মীদের নিরাপত্তা, শ্রম আইন বাস্তবায়নের মতো ইস্যুর অগ্রগতি অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তিনি জোর প্রয়াস চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনের শেষাংশে মার্শা বার্নিকাট বলেন, রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্র ছাড়ার সময় তাঁরা তিনটি চিঠি নিয়ে আসেন। একটি হলো স্বাগতিক দেশের রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য পরিচয়পত্র (লেটার অব ক্রেডেন্স)। বাকি দুটির একটি প্রেসিডেন্ট বারাক ওবামা ও অন্যটি পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি। ওই চিঠি দুটিই রাষ্ট্রদূতের কাজের নির্দেশনা। মার্শা বার্নিকাট বলেন, দুই দেশের সম্পর্ক আরো জোরদার ও বিস্তৃত করার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তিনি এটি পালন করতে অঙ্গীকারবদ্ধ। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য ও গণমাধ্যম কর্মকর্তা মনিকা এল শাই এবং গণমাধ্যম শাখার প্রধান মেরিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।











