বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি হত্যার কারণ বের করতে হবে সরকারকেই

news-image

বিশেষজ্ঞদের মত
সিজারে তাভেল্লা, কুনিও হোশিও
 
মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশে-বিদেশে। নানা সন্দেহের মধ্যে চলছে তদন্ত। তবে তদন্তকারীসহ সংশ্লিষ্টরা ধারণা করছেন, দুই হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। কোনো বিদেশিকে হত্যা করতে হবে বলেই খুনিরা ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক সিজারে তাভেল্লা এবং রংপুরে কুনিও হোশিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। দেশ ও সরকারকে বিপাকে ফেলতেই এই ধারাবাহিক খুন বলে সন্দেহ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও একে দেশবিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করা হচ্ছে। আর বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে সরকারের জঙ্গিবিষয়ক মন্তব্যসহ দুর্বলতার কথা। তবে নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, আইন, অপরাধ, রাষ্ট্র ও রাজনৈতিক বিশ্লেষকরা এখন পরিষ্কারভাবে বলছেন, পরপর দুজন বিদেশিকে খুন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রেরই অংশ। এর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি এবং জঙ্গিবাদ আছে বলে প্রমাণের চেষ্টা করছে একটি পক্ষ। এতে রাষ্ট্রযন্ত্র দুর্বল হলে কোনো সাম্রাজ্যবাদী গোষ্ঠী সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। বিশ্লেষকরা কালের কণ্ঠকে বলেছেন, ঘটনাগুলোকে রাজনৈতিক 'দোষারোপের' মধ্যে সীমাবদ্ধ না করে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। এতে করেই প্রকৃত অপরাধীরা ধরা পড়বে এবং বেরিয়ে আসবে আসল রহস্য।

নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইতালিয়ান নাগরিক সিজারে তাভেল্লা হত্যার পর আইএসের হয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামে একটি ওয়েবসাইটের দায় স্বীকার বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার বিদেশি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। গতকাল রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় প্রমাণ হয়, কোনো পশ্চিমা দেশের নাগরিক নয়, বিদেশিদের হত্যা করাই অপশক্তির লক্ষ্য। দুই ঘটনা একই সূত্রে গাঁথা বলে মনে করছেন তাঁরা। বিশ্লেষকদের মতে, তাভেল্লা খুনের পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করার ফলে 'ষড়যন্ত্রকারীরা' ঢাকার বাইরে ঘটনাটি ঘটায়। জাপানি বা ইটালীয় নাগরিক হিসেবে নয়, বিদেশি বিবেচনায়ই দুজনকে হত্যা করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, প্রচুর পরিমাণে বিনিয়োগ করে দেশে খুনি সিন্ডিকেট তৈরি করা হয়েছে। এখানে দেশি রাজনৈতিক সহায়তায় বিদেশি চক্র, এমনকি জঙ্গিরাও জড়িত থাকতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আইএসের কর্মকাণ্ডে উজ্জীবিত হয়ে দেশীয় উগ্রবাদী সংগঠনগুলো তাদের সঙ্গে যুক্ত হতে উৎসাহ দেখাতে পারে। কিন্তু আইএসের কাছ থেকে তারা সাড়া পেয়েছে- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই জঙ্গিদের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিলেও খুনিদের শনাক্ত করার ওপরই জোর দিয়েছেন বিশ্লেষকরা। তাঁরা বলছেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করা উচিত।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমানের মতে, ইতালিয়ান নাগরিক হত্যার পর আইএসের হয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামে একটি ওয়েবসাইটের দায় স্বীকার হতে পারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার বিদেশি কোনো ষড়যন্ত্রের অংশ। জাপানি নাগরিক হত্যাও একটি চক্রের কাজ বলে মনে করেন তিনি। ড. তারেক শামসুর রেহমান গতকাল বলেন, "এসব ঘটনা দুঃখজনক। এর পেছনে ষড়যন্ত্র আছে। একটি শক্তি অস্থিতিশীল অবস্থা তৈরি করে 'সুবিধা' আদায় করে নিতে চাইছে। এটা পরিষ্কার যে তাদের উদ্দেশ্য বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করা। এর ফলে বিদেশি বিনিয়োগ আসবে না।" ঘটনাগুলো জঙ্গিদের কাজ কি না জানতে চাইলে ড. তারেক মন্তব্য করেন, 'আমি আল-কায়েদা এবং আইএসের হত্যার ধরন নিয়ে স্টাডি করেছি। তাদের খুনের সঙ্গে দুই খুনের কোনোটিই মেলে না। তবে এখানেও জঙ্গি আছে। গোয়েন্দা দুর্বলতায় এসব জঙ্গি বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। সেসব খতিয়ে দেখা দরকার। থাইল্যান্ডের হামলাকারী বাংলাদেশে এসে ঘুরে গেল, সেটা আমরা জানলাম চলে যাওয়ার পর; তাও আবার থাইল্যান্ডের কাছ থেকে।'

এসব হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে বলে মনে করেন কি না- এমন প্রশ্নে ড. তারেক শামসুর রেহমান বলেন, "এসব ঘটনায় কোনো রাজনৈতিক দল সরাসরি জড়িত থাকতে পারে তা মনে করি না। তবে জঙ্গিরা থাকতে পারে। বিদেশিদের স্বার্থে কোনো দেশি চক্র জড়িত হতে পারে। তাই 'ব্লেইম গেইম' না করে নিরপেক্ষ তদন্ত করা জরুরি।" নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদের মতে, এসব ঘটনা দেশবিরোধী অপশক্তি ঘটাচ্ছে। এতে স্থানীয় রাজনৈতিক ইন্ধন আছে বলেও মনে করেন তিনি। আইএসের 'সাফল্যে' উজ্জীবিত হয়ে দেশীয় উগ্রবাদী সংগঠনগুলো তাদের সঙ্গে যুক্ত হতে উৎসাহ দেখাতে পারে। কিন্তু আইএসের কাছ থেকে তারা সাড়া পেয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে এখানে আইএস শক্তিশালী নয়। জঙ্গিদের এমন ঘটনা ঘটাতে হলে দেশের ভেতরের শক্তির সহায়তা প্রয়োজন। ফলে জঙ্গিদের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারাই এই হত্যায় জড়িত থাকতে পারে। দেশের নিরাপত্তায় হুমকি এবং ভাবমূর্তির সমস্যা হচ্ছে কি না, জানতে চাইলে মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, 'এখানে বিদেশিদের নিরাপত্তা দেওয়া উচিত। তবে কেউ যেন ঘটনা ঘটিয়ে হইচই বাধিয়ে সুবিধা না নিতে পারে সেদিকেও লক্ষ রাখা প্রয়োজন। হত্যাকাণ্ডগুলোর কার্যকর তদন্ত হলেই সব রহস্য বেরিয়ে যাবে।'

আইন ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিদেশি হত্যার ঘটনা যেকোনো দেশে যেকোনো সময়ই ঘটতে পারে। তবে এসব ঘটনা আইনশৃঙ্খলার মাপকাঠি নয়। এসব ঘটনায় কাল্পনিক তথ্য জুড়ে গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত। এর সুযোগ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র যেন না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। আইন ও সংবিধান বিশ্লেষক ড. শাহদীন মালিক বলেন, 'কোটি মানুষের শহরে দু-একটি হত্যাকাণ্ড ঘটতেই পারে। নিউ ইয়র্কসহ ১৫টি শহরে বিদেশিসহ অনেক মানুষ খুন হয়। কিন্তু এসব নিয়ে এত মাতামাতি হয় না। আমি মনে করি, এই রাষ্ট্রটি এত দুর্বল নয় যে একটি-দুটি ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তবে ঘটনাগুলো দুঃখজনক। এটিকে অহেতুক রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।' তিনি আরো বলেন, 'মিডিয়ার লোকেরা নিজেরা কোনো খবর খুঁজে বের করতে পারে না; একটা ঘটনা ঘটলে হুমড়ি খেয়ে পড়ে। এতে অনেক ভিভ্রান্তি ছড়ায়। আমাদের পুলিশও অপরাধী ধরতে পারে না। ফলে অনেকে অমূলক সন্দেহ বা কথা বলে থাকে।'

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম বলেন, 'আমাদের সরকার বা প্রশাসন যে জঙ্গিবাদের কথা বলে আসছে, এখন তারই খারাপ প্রভাব পড়ছে। জঙ্গিরা এখানে তাদের কর্মকাণ্ডের আন্তর্জাতিক রূপ দিতে চায়। এর সুযোগ আন্তর্জাতিক শক্তি বা সাম্রাজ্যবাদীরা কাজে লাগাবে, এটাই স্বাভাবিক। তাই সতর্ক থাকা উচিত। এখানে জঙ্গি আছে তা অনেকেই প্রমাণ করতে চাইবে। তাই গোয়েন্দাদের আরো সতর্ক থাকা উচিত। ব্লগার হত্যাসহ প্রতিটি ঘটনার পেছনে কারা তা বের করা প্রয়োজন। এটি না হওয়ায় বিদেশি হত্যার ঘটনা ঘটছে।' তিনি যোগ করেন, 'এখানে আন্তর্জাতিক চাপ বা নিয়ন্ত্রণের ষড়যন্ত্র চলছে। এর সঙ্গে জড়িত হয়েছে দেশি জঙ্গি বা অপশক্তি। এদের চিহ্নিত করা জরুরি।'

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র এসব ঘটনা ঘটাতে পারে। তবে এসব ঘটনায় সরকারবিরোধী রাজনৈতিক দলের জড়িত থাকা বা অভিযোগ ওঠা উদ্বেগজনক। তদন্তে স্পষ্ট প্রমাণিত না হওয়া পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলকে অভিযুক্ত করে বক্তব্য দেওয়া উচিত নয় বলে মনে করেন বিশ্লেষকরা। রাষ্ট্রবিজ্ঞানী ড. শান্তুনু মজুমদার বলেন, 'এ ঘটনা নিয়ে সরকারি দল ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের পক্ষ থেকে পরস্পরকে দোষারোপ করে বক্তব্য দেওয়া হচ্ছে। এটি দুঃখজনক। যারাই ঘটনা ঘটাক না কেন, তাতে দেশেরই ক্ষতি হচ্ছে। রাজনৈতিকভাবে দোষারোপে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। জনগণ বিভ্রান্ত হবে। তাই সরকারকে ঘটনা প্রমাণ করে কথা বলতে হবে। একই সঙ্গে যাঁরা সরকারকে দায়ী করছেন, তাঁদেরও দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত।'

প্রধান রাজনৈতিক দলগুলো ছাড়া অন্যরাও ধারাবাহিক ঘটনা নিয়ে উদ্বিগ্ন। জানতে চাইলে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম   'বাংলাদেশকে বহুদিন ধরে তালেবানি ধারায় নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্য দিয়ে খাল কেটে কুমির আনা হয়েছে। আমরা অনেক আগে থেকেই এ বিষয়ে সতর্ক করে আসছি। সার্বক্ষণিক নৈরাজ্যের মধ্যে দেশকে রেখে এখন আমরা একটি গর্তে পড়ে গেছি।' তিনি বলেন, 'সম্প্রতি দুই বিদেশি নাগরিককে কী উদ্দেশ্যে হত্যা করা হয়েছে, তার সুনির্দিষ্ট কারণ তদন্ত না করে বলা যাবে না।'

দুই বিদেশি নাগরিক খুনের প্রসঙ্গে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, 'কেউ কেউ মনে করেন সরকার যেমন দেশে কবরের মতো এক আপাত শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তেমনি বিরোধীপক্ষ দেশকে অশান্ত করতে চায়। এ জন্যই এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। এখন সরকারের প্রথম কাজ হলো অনুসন্ধানের মধ্যে দিয়ে বের করা এটি কেন ঘটছে। এটি সরকারের দায়িত্ব। ব্লেইম গেইম থেকে বেরিয়ে এসে সরকারকে বের করতে হবে কেন এ খুনের ঘটনা ঘটছে।'