নির্ধারিত সময়ে পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বিএনপি
নির্ধারিত সময় শেষ হলেও সম্পন্ন হয়নি বিএনপির সাংগঠনিক পুনর্গঠন। দলের ৭৫টি সাংগঠনিক জেলার একটিতেও কমিটি করতে পারেনি দায়িত্বপ্রাপ্তরা। গত ৯ই আগস্ট কেন্দ্রীয় দপ্তর থেকে নির্দেশনাসহ চিঠি দেয়ার পর গতকাল ৩০শে সেপ্টেম্বর ছিল পুনর্গঠন কার্যক্রম সম্পন্নের শেষদিন। কিন্তু চলতি সপ্তাহে একেরপর এক সময় বাড়ানোর আবেদন জমা হয়েছে দলের কেন্দ্রীয় দপ্তরে। দপ্তর সূত্র জানিয়েছে, অন্তত ৫০টি জেলা থেকে কমিটি গঠনের সময় বাড়ানোর আবেদন এসেছে। যার মধ্যে ১৫টি জেলা লিখিতভাবে এবং বাকিগুলো মৌখিকভাবে সময় চেয়েছে। লিখিত আবেদনকারী জেলাগুলোর মধ্যে রয়েছেÑ ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, নোয়াখালী, ফেনী, সুনামগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর। অন্য ২৫টি জেলার দায়িত্বপ্রাপ্তরা এ ব্যাপারে কোন যোগাযোগই করেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্রগতি না হওয়া জেলাগুলোর মধ্যে অন্তত ১৫টি সাংগঠনিক জেলা কমিটি ভেঙে দেয়ার ব্যাপারে অভিমত দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আবেদনে পুনর্গঠন কার্যক্রমের সময় বাড়ানোর কারণ হিসেবে জেলার শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার, আত্মগোপন, সম্মেলনের জন্য নেতা-কর্মীদের সংগঠিত হতে পুলিশের বাধা এবং ঈদ, হজসহ বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ ছয় মাস সময় বাড়ানোর আবেদন করেছে ঢাকা জেলা কমিটি। জেলা পর্যায়ে পুনর্গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন কেন্দ্রীয় নেতা জানান, আবেদনকারী জেলাগুলোর সাংগঠনিক অবস্থা ও তৎপরতা দেখে এক দুয়েক মাস সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। কিছুসংখ্যক জেলার বিলম্বের কারণ যুক্তিসংগত বিবেচনা করেই সময় বাড়ানোর ব্যাপারে সংশ্লিষ্টরা একমত হয়েছেন। তবে বর্ধিত সময় অবশ্যই ডিসেম্বরের আগেই শেষ হবে। উল্লেখ্য, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ৯ই আগস্ট যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের স্বাক্ষরে পাঠানো পুনর্গঠনের নির্দেশনাযুক্ত চিঠিতে বলা হয়েছিল, বিগত আন্দোলনে পরীক্ষিত, ত্যাগী ও দক্ষ ব্যক্তিদের নেতৃত্বে আনতে হবে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে দল পুনর্গঠনের কাজ জোরদার করতে তাগিদ দিয়ে যান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সম্মেলন করে কমিটি পুনর্গঠনের জন্য বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানোর দেড় মাসের মাথায় একমাত্র ব্রাক্ষণবাড়িয়া ইতিমধ্যে কাউন্সিল সম্পন্ন করেছে। তবে এখন পর্যন্ত কমিটি হয়নি। অন্যদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা দক্ষিণ, পাবনা, মেহেরপুর ও সিলেট জেলার বেশিরভাগ থানা ও ইউনিয়নে কমিটি হয়েছে। তারা এখন জেলা কমিটির সম্মেলন করার পর্যায়ে রয়েছে। কয়েকটি জেলা সম্মেলনের জন্য কেন্দ্রের কাছে দিন-তারিখও চেয়েছে। অন্যদিকে বরিশাল মহানগর ও জেলা, পটুয়াখালী, ঝালকাঠি, পঞ্চগড়, রাজশাহী মহানগর, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, ঢাকা জেলা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুষ্টিয়া, চট্টগ্রাম মহানগর, খুলনা জেলা, মৌলভীবাজার ও হবিগঞ্জে কমিটি পুনর্গঠনের কোন কাজই হয়নি। জেলা পর্যায়ের একাধিক নেতা জানান, পুনর্গঠনের জন্য নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে না পুলিশ। সম্মেলনের জন্য মিলনায়তন পাওয়া যাচ্ছে না। পুলিশের হয়রানির পাশাপাশি বাধা হয়ে দাঁড়িযেছে অন্তর্কোন্দল। এমন পরিস্থিতিতে অনেক জেলায় নেতা-কর্মীরা আলোচনা করে কমিটি গঠনে কাজ করছেন। কিছু জেলায় নীরবে চলছে পাল্টাপাল্টি কমিটি গঠনের তৎপরতা। লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সমাজকল্যান বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিএনপি অনেক নেতাই পবিত্র হজ পালন করতে গেছেন। মুসলমানদের প্রথমতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার কোরবানীকে কেন্দ্র করে নেতাকর্মীরা ব্যস্ত ছিলেন। এছাড়া প্রশাসনিক প্রতিবন্ধকতা তো আছেই। এসব যৌক্তিক কারণেই বিলম্ব হয়েছে। তবে কোথাও কার্যক্রম স্তিমিত হয়ে নেই। আশা করি কেন্দ্র থেকে সময় বাড়ানো হলে কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় আইন বিষয়ক সহ-সম্পাদক তৈমুর আলম খন্দকার বলেন, নেতাকর্মীদের বেশির ভাগই মামলা জটিলতায় ভুগছেন। অনেকেই জামিন পাচ্ছেন না। দেশের আইনের শাসন না থাকায় নেতারা আইনের আশ্রয় নেয়াও নিরাপদ মনে করছে না। তারপরও আমরা বসে নেই, নানাভাবে কাজ করে যাচ্ছি। নেতাকর্মীদের কোনভাবেই এক জায়গায় হতে দিচ্ছে না প্রশাসন। প্রতিবন্ধকতার মধ্যেও সর্বাত্মক ভাবে পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে বিএনপির কেন্দ্র থেকে দুটি পর্যবেক্ষক টিম কাজ করছে। সে টিম সূত্র জানায়, তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের কথা থাকলেও অধিকাংশ এলাকায় পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে। ত্যাগী ও কারাগারে থাকা নেতাদের মতামতও উপেক্ষা করা হচ্ছে। তাদের কমিটিতে রাখার ব্যাপারেও অনীহা জেলা নেতাদের। বিশেষ করে অনুগত ও আস্থাভাজনদের দিয়ে কমিটি গঠনে বেশ চাপ সৃষ্টি করছে বর্তমান কমিটি। সাবেক মন্ত্রী-এমপিরা যেভাবে ঝেঁকে বসেছেন, সেখানে তাদের মতামতের বাইরে যাওয়া কঠিন। এদিকে পুনর্গঠন অগ্রগতিতে সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যে সারা দেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কাজ এগিয়ে চলছে। অনেকে নানা সমস্যার মধ্যে আছেন। তারপরও বলব পুনর্গঠন প্রক্রিয়া সন্তোষজনক। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিটি পুনর্গঠন হয়নি। কারণ দলের অনেক সিনিয়র নেতা এখনও কারাবন্দী। মামলার কারণে এলাকায় ফিরতে পারছেন না হাজার হাজার নেতাকর্মী। পরিস্থিতি সহনীয় হলে বড় ধরনের অগ্রগতি হতো।











