চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই যুবক গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামে শিশু রুবিনা আক্তারকে (৭) ধর্ষণের পর গলাটিপে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হচ্ছে পূর্ব সেকদি গ্রামের মৃত মিজান মুন্সির ছেলে মো. মাসুম হোসেন ওরফে মিন্টু (২৫) ও টেলু মিয়ার ছেলে মো. জুয়েল (২২)। চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে ডিবি ও ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৮ সেপ্টেম্বর রাত ১টায় লক্ষ্মীপুর জেলা সদরের হাজির হাট এলাকার একটি ক্লাবঘর থেকে মিন্টুকে এবং ও গতকাল (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় গাজীপুর জেলার কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ঘর থেকে জুয়েলকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, শিশু রুবিনাকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে দুজনই।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুমুল বৃষ্টির মধ্যে একা পেয়ে জুয়েল ও মিন্টু একটি ঘরে নিয়ে শিশু রুবিনাকে ধর্ষণ করে। এতে শিশুটির অনেক রক্তক্ষরণ শুরু হলে তারা তাকে গলাটিপে হত্যা করে বস্তায় ঢুকিয়ে পার্শ্ববর্তী বিলের একটি ঝোপে লাশটি ফেলে দেয়। এদিকে, রুবিনা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। না পেয়ে ওই দিনই তাঁরা ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি)করেন। কিন্তু পুলিশ বিষয়টিকে তেমন গুরুত্বই দেয়নি। দীর্ঘ প্রায় একমাস পর গত ২৫ আগস্ট সকালে রুবিনার মা ফাতেমা বেগমই ওই এলাকার একটি মাছের খামারের কাছে বিলের ঝোপে শিশুটির লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করে। এদিন রুবিনার বাবা টেলু মিজি এলাকার যুবক মিন্টুকে সন্দেহভাজন আসামি করে একটি মামলা করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান বলেন, পুলিশ সুপার শামসুন্নাহার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে রহস্য উদ্ঘাটন করেন এবং ডিবি পুলিশ দিয়ে আত্মগোপনে থাকা মিন্টুকে আটক করতে সক্ষম হন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জুয়েলকেও আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া দুই যুবককে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানোর কথা।











