শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে সিরিজে তাকিয়ে বাংলাদেশও

news-image

অ্যাশেজে হারের প্রতিশোধ নেওয়ার মঞ্চ। আর স্টিভেন স্মিথ যুগের শুরু। এগুলো অস্ট্রেলিয়ার সমর্থকদের জন্য বড় খবর। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এ নিয়ে মাথা ঘামানোর কথা নেই। কেবল ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার লড়াই বলে আকর্ষণটা বেশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অন্য দিক দিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের গুরুত্বটা বাংলাদেশের কাছে বেশিই। কারণ একদিনের সিরিজে অসিদের কাছে ইংলিশরা হোয়াইটওয়াশ হলে র‌্যাংকিংয়ে যৌথভাবে ছয় নম্বরে উঠে আসবে টাইগাররা। তাই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের লড়াইয়ে আছে বাংলাদেশও। আজ সাউদাম্পটনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু'দল।  
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিকতা অনেক দিন ধরেই চলছে। বিশ্বমঞ্চে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে ক্রিকেটের সেরা সময়টা পার করেছে এ বছরই। ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাওয়াশের লজ্জায় ডুবিয়েছিলেন মাশরাফিরা। এরপর ক্রিকেটের তিন মোড়লের প্রধান ভারতকে ২-১-এ হারিয়েছে। সর্বশেষ ক্রিকেটের আরেক পরাশক্তি দক্ষিণ আফ্রিকাও বাঘের থাবায় কুপোকাত হয়েছে। প্রোটিয়াদের ২-১-এ হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করে। র‌্যাংকিংয়ে সাত নম্বর স্থানটি পাকাপোক্ত করে। এবার ছয়ে ওঠার সুযোগ বাংলাদেশের। অবশ্য নিজেদের কোনো হাত নেই। অন্যের ওপরই নির্ভর করতে হবে মাশরাফি-সাকিবদের। তাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা চাইবেন অস্ট্রেলিয়া যেন ওয়ানডেতে অ্যাশেজে হারের প্রতিশোধ নেয়। তাহলে লাল-সবুজের দেশটির সাফল্যের রঙটাও আরও উজ্জ্বল দেখাবে। ওয়ানডেতে বর্তমানে ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ৬-এ ইংল্যান্ড, ৯৬ পয়েন্ট নিয়ে ৭-এ বাংলাদেশ। যদি অস্ট্রেলিয়া ৫-০-তে সিরিজ জেতে তাহলে ইংল্যান্ডের রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯৬, বাংলাদেশের সমান। তখন দু'দলের অবস্থান ছয় নম্বর হবে। আর যদি অস্ট্রেলিয়া ৪-১-এ জেতে. তাহলে ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৮-ই থাকবে। তখন আর র‌্যাংকিংয়ে কোনো হেরফের হবে না। 
বিশ্বচ্যাম্পিয়ন বলে কথা। কিন্তু টেস্টে ইংলিশদের বিপক্ষে নিজেদের সেরাটা মেলে ধরতে পারেনি অসিরা। মাইকেল ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া অ্যাশেজ হারে। এবার স্টিভেন স্মিথের হাত ধরে ইংল্যান্ডের মাটি থেকে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ অসিদের। যদিও একদিনের ক্রিকেটে জয়ের পাল্লাটা অস্ট্রেলিয়ার দিকেই হেলে আছে বেশি। ১৩১ বারের সাক্ষাতে অস্ট্রেলিয়ার জয় ৭৭টিতে, ইংল্যান্ডের ৪৯টিতে। আর ওয়ানডে র‌্যাংকিংয়ে বর্তমানে শীর্ষে অসিরা। দু'দলের মধ্যকার সর্বশেষ দুটি সিরিজেই জিতেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৩ সালে ইংল্যান্ডের মাটি থেকে ২-১-এ সিরিজ জিতেছিল তারা। সেটাই এবারের আসরে স্মিথদের প্রেরণা। পরিসংখ্যানের বিচারে অস্ট্রেলিয়াই ফেভারিট।
তবে স্বাগতিক বলেই বোদ্ধারা এগিয়ে রাখছেন ইংল্যান্ডকে। তার ওপর একমাত্র টি২০-তেও অসিদের হারিয়েছে তারা। মানসিকভাবে দলের সবাই ফিট। নিজ আঙিনা থেকে এবার আর ওয়ানডে ট্রফি অসিদের নিয়ে যেতে দেবে না বলেই হুঙ্কার দিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। তবে বিশ্বকাপের পর নতুন শুরুর স্বপ্ন দেখা অস্ট্রেলিয়াও হাল ছাড়ছে না। নতুন অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে আছেন অভিজ্ঞ শেন ওয়াটসন। দলে আছেন হার্ডহিটার ব্যাটসম্যান গ্গ্নেন ম্যাক্সওয়েল। সব মিলিয়ে ওয়ানডে সিরিজ জিততে সব সৈনিকই আছে সফরকারীদের। কেবল ক্রিকেটের বাইশ গজে ভালো করলেই অস্ট্রেলিয়ার সঙ্গে হাসবে বাংলাদেশও।