বঙ্গবন্ধুর খুনিদের থাকার কথা পাকিস্তান স্বীকার করে না
সংসদে প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানসহ কয়েকটি দেশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী আরো বলেন, 'বর্তমানে দণ্ডপ্রাপ্ত খুনিদের মধ্যে দুজন আমেরিকায়, একজন কানাডায় আছে। দুজন লিবিয়ায় ছিল, পরে পাকিস্তানে গেছে; যদিও পাকিস্তান সরকার তা স্বীকার করে না।' তিনি বলেন, 'ওয়ান-ইলেভেনের সময় চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় খুনি কর্নেল রশীদের সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। সেই সাক্ষাৎকার গ্রহণকারীকে জিজ্ঞেস করলেই জানা যাবে রশীদ কোথায় আছে। তবে জেনেছি, সে ওই সময় লিবিয়ায় থাকলেও এখন পাকিস্তানে রয়েছে। বাকি দুই খুনি কোথায় পালিয়ে রয়েছে সে তথ্য আমরা এখনো জানতে পারিনি।'
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি খুনিদের আশ্রয়দাতা যুক্তরাষ্ট্র ও কানাডার সমালোচনা করে বলেন, 'অত্যন্ত দুঃখের বিষয় যারা নিজেদের সভ্য ও উন্নত দেশ হিসেবে দাবি করে, তারাই এসব ঘৃণ্য ঘাতককে আশ্রয় দিয়েছে। ওই সব দেশের সরকারের কাছে খুনিদের ফিরিয়ে দিতে অনুরোধ করেছি; কিন্তু তারা যেকোনো কারণেই হোক আমাদের সহযোগিতা করছে না, এটাই হচ্ছে বাস্তবতা।' আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের হত্যাকাণ্ডের পর যারা উল্লসিত হয়েছিল তারা স্বাধীনতার শত্রু, পরাজিত শক্তির পদলেহনকারী। বাঙালির বিজয় যারা মেনে নিতে পারেনি তারাই উল্লসিত হয়েছিল। আর বাঙালি জাতি বুঝতে পেরেছিল, তাদের সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে তিনি আমৃত্যু ত্যাগ স্বীকার করে গেছেন। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশের ইতিহাসে নেই যে খুনিদের ইনডেমনিটি দিয়ে বিচার বন্ধ করা হয়। কিন্তু জিয়াউর রহমানরা তা-ই করেছিলেন। শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রাণনাশের চেষ্টা প্রসঙ্গে বলেন, 'যে দেশে খুনিদের পুরস্কৃত ও দায়মুক্তি দেওয়া হয়, সে দেশে পদে পদে বাধা ও আঘাত আসবে- এটা আমি জানি। কিন্তু আমি মৃত্যুকে ভয় করি না, ঘাতকদের পরোয়া করি না। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমি রাজনীতি করি। আমার জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করেছি। আল্লাহ ছাড়া কখনো কারো কাছে মাথা নত করিনি, করবও না।'
স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ও হাজি মোহাম্মদ সেলিমের দুটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'আমি বিশ্বাস করি সততা, দৃঢ়তা ও আদর্শ নিয়ে কাজ করলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়।' ছাত্রছাত্রীদের জন্য স্বল্পমূল্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী সরবরাহের উদ্যোগের উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ, কারাবন্দি থাকাবস্থায় লেখা ডায়েরিগুলো সংগ্রহ করে বড় ধরনের ডকুমেন্টারি করার কাজ চলছে। শিশুদের জন্যও ছোট ছোট বই বের করে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার কাজ চলছে। অতিরঞ্জন নয়, বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে সঠিক তথ্যগুলো আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে সবার প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরপরবর্তী ২১টি বছর বঙ্গবন্ধুর নাম অনেকটাই নিষিদ্ধ ছিল। স্বাধীনতার ইতিহাস বিকৃত করে কয়েকটি প্রজন্মকে ভুল শেখানো হয়েছিল। বঙ্গবন্ধুর ছবি টাঙানো এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজাতে গিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। কিন্তু সত্য ইতিহাসকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। ঘাতকরা ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও আদর্শিক বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু চিরঞ্জীব, চিরজাগরূক।
ধানমণ্ডির ৩২ নম্বরে নৃশংস হত্যাকাণ্ডের পর ওই বাড়িতে প্রবেশের পর ভয়াল-বীভৎস দৃশ্যের আবেগঘন বর্ণনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, খুনি মোশতাক ও তাঁর দোসর জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যাকাণ্ড চালান। এর পরই দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। তিনি বলেন, 'বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পুরো বাংলাদেশই কয়েদখানায় পরিণত হয়। সংবিধান লঙ্ঘন করে অবৈধ ক্ষমতা দখলের পালা শুরু হয়। জিয়া আমাদের দুই বোনকে দেশে ফিরতে বাধা দেন। পঁচাত্তর-একাশি পর্যন্ত আমাদের বিদেশের মাটিতেই পড়ে থাকতে হয়।' তিনি বলেন, 'জিয়াউর রহমান আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হতে পারেননি। কিন্তু দেশে ফিরলেও আমাকে ৩২ নম্বর সড়কের বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। পিতা-মাতা, ভাইদের জন্য একটু দোয়া করার সুযোগও দেওয়া হয়নি। বাড়ির সামনের রাস্তার ওপর বসে নেতাকর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া পড়ি।' তিন ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম : সরকারি দলের সংসদ সদস্য তাজুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে। তখন তিন ঘণ্টায় যাতায়াত করা সম্ভব হবে।
সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অক্লান্ত পরিশ্রম ও সুষ্ঠু পরিকল্পনায় বাংলাদেশ এরই মধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বর্তমানে মাথাপিছু আয় এক হাজার ৩১৪ মার্কিন ডলার। রাজধানীকে সাজাতে ২০ বছর মেয়াদি পরিকল্পনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, রাজধানীকে সাজাতে রাজউক ২০ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। এতে ঢাকার যানজট নিরসন, আবাসন সমস্যার সমাধান, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসন হবে। আগামী বছর থেকে 'ঢাকা স্ট্রাকচার প্ল্যান' নামের এ পরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। সরকারদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে ওই প্ল্যান প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমানে প্রকল্পের গণশুনানি চলছে। নভেম্বরের মধ্যে পরিকল্পনাটি চূড়ান্তভাবে গেজেট আকারে প্রকাশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।











