নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান।
পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
তিনি এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পোস্টে বিরোধীদলীয় নেতা আরও বলেন, এ ধরনের ঘটনার দায় সরকারকে যথাযথভাবে মোকাবিলা করতে হবে। অন্যথায় এর জন্য সরকারকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে বলে সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, বুধবার রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় পেট্রলবোমা হামলার অভিযোগ করেছেন নুসরাত ও তাঁর দলের নেতারা।
তবে দৌলতপুর থানা পুলিশের ভাষ্য, সেখানে বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। আগুনে একটি ছাগল পুড়ে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।











