বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে তাঁদের আন্দোলন থামানো যাবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর বাবা আব্দুল হালিম ও এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
নুসরাত তাবাসসুম জানান, গত বুধবার রাতে তাঁর গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি ঢাকা থেকে কুষ্টিয়ায় যান। সকালে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর সংবাদ সম্মেলন করেন।
তিনি অভিযোগ করেন, ঘটনার আগে থেকেই বিভিন্ন নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৮ অক্টোবর একটি অপরিচিত নম্বর থেকে হুমকিমূলক ফোন পাওয়ার কথাও জানান তিনি। পরে এ বিষয়ে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি করেন।
সংসদ সদস্যের দাবি, বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার পলাতক সভাপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকেও সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল।
হামলার সময় সম্পর্কে তিনি বলেন, সিসিটিভির সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার ধরন দেখে তাঁর কাছে পেট্রলবোমা ব্যবহারের বিষয়টি মনে হয়েছে। তবে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।
নুসরাতের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে গেলেও প্রায় ১২ ঘণ্টা পার হওয়ার পরও আলামত সংগ্রহ করা হয়নি। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতেও বিলম্ব হয়েছে বলে তিনি দাবি করেন।
বাড়িটি পরিত্যক্ত ছিল—এমন প্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সেখানে একটি অসহায় পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছিল। বাড়িটি তাঁর দাদার তৈরি এবং সেখানেই তাঁর শৈশব কেটেছে। বাড়িতে গবাদিপশুর খামারও ছিল। আগুনে কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় স্থানীয়দের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে নুসরাত তাবাসসুম রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দায়ী করেছেন। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনায় দৌলতপুর থানায় মামলা করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি পুনর্ব্যক্ত করেন, হামলা বা হুমকি দিয়ে তাঁদের রাজনৈতিক দাবি ও রাজপথের অবস্থান থেকে সরানো সম্ভব নয়।










