আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন

news-image

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি কারখানায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার শারমিন গ্রুপের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এ ছাড়া আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরেও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও সফিপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
এর আগে রাজধানীর মিরপুরেও শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে সংঘর্ষে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শিল্পাঞ্চলের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।
অন্যদিকে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে সরকার ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি শ্রমিকদের দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে সড়ক ছেড়ে কাজে ফেরার আহ্বান জানান।
এর আগে শ্রমিক নেতাদের পাশাপাশি তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। আলোচনার পর নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ক্ষমা চেয়েও লাভ হলো না এমবাপ্পের, চীনে বন্ধ রিয়ালের ম্যাচ

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

স্বর্ণের দাম বাড়ল, ভরি ২ লাখ ২০ হাজার টাকা ছাড়াল

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম চালু

শ্রমিক আন্দোলনে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে যাচ্ছে ‘মুরাসু

জামায়াত ছাড়লে তিন ভাগ হবে এনসিপি: আবু হানিফ

ইউক্রেন-রাশিয়ার অ্যাপে সাইবার হামলা

ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, বাড়ছে মানবিক সংকট

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৪৮

শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার মানেই জাতির উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী