ভূমিকম্প মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক : দেশে সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নিয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন তিনি। পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, নতুন ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড মেনে চলা এবং দুর্যোগের সময় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর নির্দেশনাও দেন।
প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
এ ছাড়া হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা, উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











