বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
অনলাইন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৮ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মঙ্গলবার অনুষ্ঠিত যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। এ জন্য তিনি কমিটিকে ধন্যবাদ জানান। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বাচসাসের ২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল আশা প্রকাশ করেছেন, এবারের নির্বাচনেও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। তাদের মতে, নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং সবার অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, আগামী ২০ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
যৌথসভায় বাচসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং নির্বাহী সদস্য সাজু আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।











