যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরে রাজৈর থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির ওই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে।











