নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: শ্রমমন্ত্রী
অনলাইন ডেস্ক : বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রীতির এই বন্ধন আরও দৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ বাংলাদেশি হিসেবে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সমৃদ্ধ করতে কাজ করে যাবেন। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।
পরিদর্শনকালে আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি মন্দির, আবাহন, মহেশ্বরী ও ত্রিনয়নী পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন এবং মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে বিকেল ৩টার দিকে মন্ত্রী শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।











